গাজীপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা

কোনো হুমকি নেই জনগণ এখন নির্বাচনমুখী

আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০৭:২২ এএম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘দেশের জনগণ এখন নির্বাচনমুখী। নির্বাচন নিয়ে কারও কোনো হুমকি নেই। নির্বাচন খুব ভালোভাবে হয়ে যাবে। নির্বাচনটি হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। এর জন্য প্রশাসন কাজ করে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পাশর্^বর্তী দেশ থেকে বিভিন্ন সময়ে যে গুজব ছড়ানো হচ্ছে সাংবাদিকরা সত্য প্রকাশ করায় অনেক গুজব কমে গেছে।’

গতকাল বুধবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ড. নাফিসা আরেফিন। বিশেষ অতিথি ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মো. এমদাদ উল্লাহ মিয়ান।

এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মো. জাহিদুল হাসান, গাজীপুর সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান, গাজীপুর জেলা পুলিশের পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক এবং জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচন নিয়ে আমাদের কী ধরনের প্রস্তুতি হয়েছে এগুলো আলোচনা হয়েছে। এ ছাড়া গাজীপুরের কিছু সমস্যা রয়েছে, সে বিষয়গুলোও সভায় আলোচনা হয়েছে।

মতবিনিময় সভায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ফায়ার সার্ভিস, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, আমাদের সমাজের সবচেয়ে সড় সমস্যা হলো দুর্নীতি ও মাদক। এ দুটিকে সমাজ থেকে কীভাবে দূর করতে পারি এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মাদকের সমস্যা দূর করার জন্য সবার সহযোগিতা প্রয়োজন। মাদক গ্রামেগঞ্জে সবখানে ছড়িয়ে পড়েছে। সবার সহযোগিতা না থাকলে দিন দিন এটি বেড়েই যাবে। এজন্য সবাইকে সচেতন করতে হবে।

তিনি বলেন, গাজীপুর শিল্প এলাকা হওয়ায় এখানে অনেক লোক রুটি-রোজগারের জন্য এখানে আসে। এদের অনেকেই এখানকার বাসিন্দা নয়। তারা বিভিন্ন এলাকা থেকে এসেছে। তাদের সম্পর্ক ভালো রাখতে হবে।

তিনি বলেন, এখানে ঝুট ব্যবসায়ীর সংখ্যাও বেশি। তারাও বিভিন্ন সময়ে অনেক সমস্যা করে থাকে। এখানে চাঁদাবাজও রয়ে গেছে। এদের কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, সভায় এ নিয়েও আলোচনা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনটি হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। এর জন্য প্রশাসক কাজ করে যাচ্ছে। নির্বাচন নিয়ে কারও কোনো হুমকি নেই। নির্বাচন খুব ভালোভাবে হয়ে যাবে। তিনি বলেন, গাজীপুরে পুলিশ সংকট রয়েছে। এখানে সাড়ে ছয়শত অতিরিক্ত পুলিশ দেওয়া হয়েছে। নির্বাচনের সময় পুলিশের সংখ্যা আরও বাড়িয়ে দেওয়া হবে।

আওয়ামী লীগের অনেক নেতাকর্মী যারা জামিনে মুক্তি পেয়ে যাচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জামিনে বের হয়ে তারা যদি কোনো অপকর্ম করে তাহলে সঙ্গে সঙ্গে আইনের আওতায় নিয়ে আসা হবে। জামিন দেওয়ার বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ার। আদালত সম্পূর্ণ স্বাধীন।

বিভিন্ন গুজব ছড়ানোর বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাশর্^বর্তী দেশ অনেক সময় অনেক গুজব রটায়। সাংবাদিকরা সত্য ঘটনাটি প্রকাশ করায় পাশর্^বর্র্তী দেশের অনেক গুজব কমে গেছে। পাশর্^বর্তী দেশের গুজব ঠেকানোর প্রধান মাধ্যম হচ্ছে আমাদের দেশের সাংবাদিকরা। আপনারা যদি সত্য ঘটনাটি তুলে ধরেন তাহলে সবাই বুঝবে পাশর্^বর্তী দেশ যে গুজব রটাচ্ছে তা সঠিক নয়।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য যেসব দল নির্বাচনে অংশগ্রহণ করবে তাদেরও অনেক দায়িত্ব আছে। তাছাড়া নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনেরও একটা বড় ধরনের কাজ রয়ে গেছে। সবার সম্মিলিত প্রয়াসে কাজ করলে আইনশৃঙ্খলা রক্ষায় কোনো সমস্যা হবে না।

রাজনীতি নিষিদ্ধ একটি রাজনৈতিক দল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কর্মসূচির কথা ঘোষণা করেছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সাংবাদিকদের সহযোগিতায় এদের কার্যক্রম অনেক কমে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সময় অনেক মিথ্যা রটনা রটায়। সাংবাদিকরা সত্য ঘটনাটি প্রকাশ করে দিলেই এসব সমস্যার সমাধান হয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত