বদলে গেছে সময়। বদলে গেছে প্রেক্ষাপট। দর্শকের রুচিতেও এসেছে বড় একটা রদবদল। এক সময় তথাকথিত বাণিজ্যিক সিনেমায় অভিনয়ের কথা শুনলে যারা নাক ছিটকিয়েছেন, তাদের অনেকেই এখন বড় পর্দায় কাজ করছেন বেশ স্বস্তির সঙ্গে। ছোট পর্দার পরিচালকদেরও লক্ষ্য এখন সিনে পর্দা। বলা চলে বিশ্বায়নের যুগে আধুনিক ও আন্তর্জাতিক সিনেমা নির্মাণে এগিয়ে এসেছেন টেলিপাড়ার মেধাবী নির্মাতারা। অন্যদিকে রাজনৈতিক পটপরিবর্তন, গল্প ও মেধাবী শিল্পীদের মতো সিনেমা হল ও দর্শক সংকটে কোণঠাসা মূলধারার সিনেমা। একমাত্র শাকিব খান ছাড়া কোনো নায়কই যেন ধোপে টিকতে পারছেন না। শাকিব খান একা আর কতদিন চলচ্চিত্র শিল্পের হাল ধরে রাখতে পারবেন। সেই সঙ্গে বিয়ে বিচ্ছেদের কারণে দূরত্ব সৃষ্টি হওয়ায় সিনেমার দুই শীর্ষ নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে কাজ করা হচ্ছে না শাকিবের। এমন অবস্থায় ছোটপর্দার বেশ কয়েকজন তরুণ ও চাহিদাসম্পন্ন অভিনেত্রীরা মুখিয়ে আছেন শাকিবের নায়িকা হতে। এরই মধ্যে সাবিলা নূর ও তানজিন তিশার সুযোগ হয়েছে শাকিবের বিপরীতে অভিনয়ের। মেহজাবীন, তাসনিয়া ফারিণরা ছোট পর্দা এবং ওটিটির কাজের পর্ব চুকিয়ে সিনেমায় নিয়মিত হওয়ার চেষ্টা করে যাচ্ছেন। তবে তারা মূল ধারার সিনেমায় নয়, ঝুঁকছেন কথিত বিকল্পধারা তথা মনস্তাত্বিক চলচ্চিত্রের দিকে। বিশেষ করে মেহজাবীন প্রাধান্য দিচ্ছেন কেন্দ্রীয় চরিত্রকে। যার দরুণ সে রকম কোনো সিনেমা আপাতত হাতে নেই তার।
এদিকে মিনি পর্দার বেশ কয়েকজন গ্ল্যামারাস মডেল-অভিনেত্রীরা নিজেকে প্রস্তুত করছেন বড় পর্দার জন্য। তাদের মধ্যে সবার আগে বলতে হয় সাফা কবিরের নাম। তার সমসাময়িক অনেক অভিনয়শিল্পী সিনেমায় নাম লেখালেও সাফা এখনো বড় পর্দা থেকে দূরেই আছেন। এই মডেল-অভিনেত্রী জানান, তিনিও সিনেমায় অভিনয় করতে চান। তবে নেতিবাচক মন্তব্যে ভয় কাজ করছে তার মধ্যে। সাফা বলেন, ‘বড় পর্দায় কবে আমাকে দেখা যাবে, এই প্রশ্ন অনেক দিন ধরে শুনছি। আমিও নিজেকে সিনেমায় দেখতে চাই। কিন্তু এখন একটু ভয় হয়। সাম্প্রতিক সময়ে নাটকের অনেক ভালো ভালো অভিনেত্রী সিনেমা করছে। তবে তাদের কিছু মানুষ নাটকের নায়িকা বলে কটাক্ষ করছে। এ ধরনের মন্তব্য আমাকে নিরুৎসাহিত করে। আমরা শিল্পীরা কিন্তু একটা পর্যায় থেকে আরেকটি পর্যায়ে যেতে চাই। তার জন্য প্রয়োজন সবার উৎসাহ ও ভালোবাসা। আমার বিশ্বাস খুব শিগগিরই ভালো একটা খবর দিতে পারব।’
টিভি নাটকের সময়ের আরেক দর্শকপ্রিয় মুখ সামিরা খান মাহি। গায়ের রঙ শ্যাম হলেও ধারালো অভিনয়ের মাধ্যমে মাত্র কয়েক বছরের মধ্যে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন এই তরুণী। সামিরা খান মাহি। মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে শতাধিক নাটকে অভিনয় করেছেন তিনি, যার অধিকাংশই দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছে। এত কিছুর পরও তার আগ্রহ বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম চলচ্চিত্রে। সেই লক্ষ্যেই এগোচ্ছেন মাহি। তবে চলচ্চিত্রে কাজের ইচ্ছা থাকলেও মাহি এখনো নিজেকে পুরোপুরি প্রস্তুত মনে করছেন না। তিনি বলেন, ‘বড়পর্দায় ভালো গল্প, চরিত্র, পরিচালক, সহশিল্পী সবকিছুর মানদণ্ড গুরুত্বপূর্ণ। সময় হলে নিয়মিত কাজ করব। তবে তার জন্য নিজেকে আরও প্রস্তুত করা জরুরি বলে মনে করছি আমি। সহশিল্পী হিসেবে অভিজ্ঞ ও দক্ষ কারও সঙ্গে কাজ করতে চান উল্লেখ করে মাহির ভাষ্য এর মাধ্যমে নিজেও অনেকটা পাকাপোক্ত হতে পারব। বড় পর্দার জন্য ধীরে ধীরে প্রস্তুতি নিচ্ছি।
সম্প্রতি মাহি আলোচনায় এসেছেন ওটিটির ফ্ল্যাশ ফিকশন ‘গ্যাঁড়াকল’-এর মাধ্যমে। এটি রাকায়েত রাব্বি পরিচালিত একটি মিস্ট্রি-থ্রিলার, যেখানে মাহি অভিনয় করেছেন রিমি চরিত্রে। চরিত্রটি কখনো সাধারণ আবার কখনো রহস্যময়। মাহি বলেন, ‘চরিত্রের বিভিন্ন রূপে নিজেকে উপস্থাপন করা চ্যালেঞ্জিং, তবে আমি এটা করতে ভালোবাসি।’
মিনি পর্দার আরেক উঠতি তারকা তানজিম সাইয়ারা তটিনী। ছোটপর্দা এবং ওয়েব ফিল্মে অভিনয় করলেও এখনো তার দেখা মেলেনি বড়পর্দায়। ভক্ত-অনুরাগীর মতো তিনিও বড়পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন। ইতিমধ্যে এই অভিনেত্রীর কাছে বেশকিছু সিনেমার প্রস্তাব গেলেও বিনয়ের সঙ্গেই তা ফিরিয়ে দিয়েছেন। কারণ হিসেবে এই মডেল-অভিনেত্রী জানান, প্রস্তুত থাকলেও এখনই বড়পর্দায় অভিনয়ের জন্য তাড়া নেই তার। নিজেকে আরও পরিণত করে তবেই এ মাধ্যমে আসতে চান তিনি। তটিনী ‘আরও অভিজ্ঞতা হোক। নাটকে যে ভালোবাসা পাচ্ছি, যখন সিনেমায় আসব আমি চাই, মানুষ যেন একইভাবে আমাকে ভালোবাসা দেয়।’ বললেন, ‘কাজ কম করলেও কোয়ালিটি দেখে করছি। যেগুলো করছি যেন মানসম্মত হয়, সেদিকে খেয়াল রাখছি। আসলে কাজ তো দর্শকদের জন্য করি। তাদের সাপোর্ট পেলে ভালো কাজের অনুপ্রেরণা আরও বাড়বে। তাই দর্শকদের কাছে তাদের সাপোর্ট ও দোয়া কামনা করি।’
গতকাল বৃহস্পতিবার ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে অবমুক্ত করা হয় তটিনী অভিনীত নতুন ওয়েব ফিল্ম ‘তোমার জন্য মন’। শিহাব শাহীন পরিচালিত রোমান্টিক থ্রিলার ঘরানার এই ফিল্মে তটিনী অভিনয় করেছেন ইয়াশ রোহান। এর আগে চরকির অ্যান্থলজি সিনেমা ‘এই মুহূর্তে’তে অভিনয় করেন অভিনেত্রী। এ ছাড়া সম্প্রতি দেশের মাটিতে মুক্তি পাওয়া ‘জয়া আর শারমীন’ সিনেমাতেও জয়ার সঙ্গে দেখা গেছে তটিনীকে।
