পবিত্র রমজান উপলক্ষে চাল, ডাল, তেল, চিনি, পেঁয়াজসহ নিত্যপণ্যের আমদানিকারকরা এখন থেকে তিন মাস (৯০ দিন) পর্যন্ত বিল পরিশোধের সুযোগ পাবেন। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় বলা হয়েছে, বেশ কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্য ৯০ দিনের বিলম্বিত পরিশোধ ব্যবস্থায় আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এখন থেকে আমদানিকারকরা চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্য তেল, চিনি, ছোলা, মটর, মসলা এবং খেজুর সরবরাহকারী বা ক্রেতার ঋণ ব্যবস্থার অধীনে সর্বোচ্চ ৯০ দিনের মেয়াদে আমদানি করতে পারবেন।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই সুবিধা ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। যা আমদানিকারকদের পরিশোধ ব্যবস্থাপনায় নমনীয়তা প্রদান করবে।
এর আগে ১১ নভেম্বর চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্য তেল, চিনি, ছোলা, মটর, মসলা এবং খেজুর এই ১০ নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে সংরক্ষিত নগদ মার্জিন ন্যূনতম রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তিতে চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্য তেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর এই ১০টি পণ্য আমদানির ক্ষেত্রে প্রয়োজনীয় নগদ মার্জিন সর্বনিম্ন পর্যায়ে রাখতে হবে। এ নির্দেশনা জারির পর থেকেই কার্যকর হবে। ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে।
