খুলনায় বাড়ির পাশে নাতি-নাতনি নানির লাশ

যুবককে গুলি করে হত্যা

আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ০৭:১১ এএম

খুলনায় দুই নাতি-নাতনিসহ নানিকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার রাতে পুলিশ নগরীর লবণচরা এলাকার একটি বাড়ির মুরগির খামার থেকে তাদের লাশ উদ্ধার করে। নিহতরা হলো লবণচরা এলাকার মুক্তা কমিশনারের কালভার্টের পার্শ¦বর্তী দরবেশ গলির আবদুল হান্নানের স্ত্রী মহিদুন্নেছা (৫৫) এবং নাতি মুস্তাকিম (৮) ও নাতনি ফাতিহা (৬) । তবে কী কারণে ট্রিপল এ মার্ডার হয়েছে, প্রাথমিকভাবে এর কারণ জানাতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল রাত ৯টার দিকে ওই বাড়ির মুরগির খামারে মহিদুন্নেছার লাশ দেখতে পায় এলাকাবাসী। এরপর পাশাপাশি তার নাতি মুস্তাকিম ও নাতনি ফাতিহার লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। নিহত তিনজনের শরীরেই আঘাতের চিহ্ন রয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহত মহিদুন্নেছার স্বামীর নাম জানা গেলেও শিশুদের বাবা ও মায়ের নাম জানা যায়নি। তবে শিশু দুটির মা বাগেরহাট সাব-রেজিস্ট্রি অফিসের পেশকার পদে এবং বাবা খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কর্মচারী পদে চাকরি করছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

লবণচরা থানার ওসি হাওলাদার সানওয়ার হোসাইন মাসুম বলেন, তিনটি লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত এখনই বলা সম্ভব হচ্ছে না। খোঁজখবর পাওয়ার পর জানাব। আমরা হত্যাকা-ের কারণ উদঘাটন করার চেষ্টা করছি।

এদিকে গতকাল সন্ধ্যা ৭টার দিকে নগরীর করিমনগর সৈয়দ আলী হোসেন স্কুলের পাশে দুর্বৃত্তরা আলাউদ্দিন মৃধা (৩৫) নামে এক যুবককে গুলি ও কুপিয়ে হত্যা করে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায় এ হত্যাকা-ের সত্যতা নিশ্চিত করেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, আলাউদ্দিন মৃধা করিমনগর এলাকার ইলোরা বেগমের বাড়ির ভাড়াটিয়া। সন্ধ্যা ৭টার দিকে আলাউদ্দিন এবং তার স্ত্রী ঘরের বারান্দার সিঁড়ির ওপর বসে কথা বলছিলেন। এ সময় ছয়-সাত দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে আলাউদ্দিনের সঙ্গে কথা বলতে থাকে। কথা বলার একপর্যায়ে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। দুটি গুলি তার বুকে ও পেটে বিদ্ধ হয়। এরপর দুর্বৃত্তরা ধারালো ছুরি দিয়ে গলায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, নিহত আলাউদ্দিন মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। মাদক মামলায় বেশ কিছুদিন কারাগারে ছিলেন। কয়েক দিন আগে কারাগার থেকে জামিনে বের হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত