বিভাগীয় সমাবেশের ঘোষণা জামায়াতসহ আট দলের

আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ০৭:১২ এএম

পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে থাকা আট রাজনৈতিক দল। গণভোটে যাতে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয় সেজন্য বিভাগীয় শহরগুলোয় আট দলের পক্ষ থেকে সমাবেশের আয়োজন করা হবে। আগামী ৩০ নভেম্বর রংপুর শহরে সমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হবে, শেষ হবে ৬ ডিসেম্বর চট্টগ্রামে।

গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে আন্দোলনরত ৮ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ। এ সময় যুগপৎ আন্দোলনের শরিক আট রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ বলেন, জুলাই সনদের আইনি ভিত্তিসহ পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলন করছি আমরা আট রাজনৈতিক দল। ইতিমধ্যে সরকার আদেশের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়েছে। কিন্তু চূড়ান্ত আইনি ভিত্তি আসলে গণভোট। সেই গণভোট যাতে জাতীয় নির্বাচনের আগেই আয়োজন করা হয় সেই দাবিও আমরা করেছিলাম। সরকার জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে দিয়েছে। আমাদের আরও অন্য চারটি দাবি ছিল, এর মধ্যে একটি হচ্ছে ফ্যাসিবাদের বিচার। তিনি বলেন, ইতিমধ্যে ফ্যাসিবাদ প্রধানের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ভবিষ্যতে ফ্যাসিস্ট হয়ে ওঠার চিন্তাভাবনা আর কেউ করবে না। তিনি বলেন, আরেকটি দাবি ছিল পিআর পদ্ধতিতে নির্বাচন। আট দলের মধ্যে কেউ উভয়পক্ষে পিআর চেয়েছিল, আবার কেউ উচ্চকক্ষে কেউ নিম্নকক্ষে পিআর পদ্ধতি চেয়েছিলেন। উচ্চকক্ষে পিআর জুলাই আদেশের মাধ্যমে ঘোষণা করা হয়েছে। কিন্তু এটা গণভোটে হ্যাঁ জয়যুক্ত হতে হবে, তবেই বাস্তবায়িত হবে।

তিনি জানান, আন্দোলনের অংশ হিসেবে আগামী ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা ব্যতীত সাত বিভাগীয় শহরে আট দলের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হবে। সমাবেশে আট দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন। জাতিকে সচেতন করবেন এবং আগামী দিনে দুর্নীতি ও দখলবাজমুক্ত সরকার যযেন হয় সেই বিষয়ে উৎসাহিত করবেন। তিনি বলেন, আট দলের বিভাগীয় লিয়াজোঁ কমিটি গঠন করা হবে এই সমাবেশগুলো বাস্তবায়নের জন্য এবং পরবর্তী সময়ে আন্দোলন সংগ্রাম পরিচালিত করার জন্য প্রত্যেক বিভাগ বিভাগীয় শহরে আট দলের লিয়াজোঁ কমিটি গঠন করা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে, ৩০ নভেম্বর রংপুর বিভাগীয় সমাবেশ রংপুর সদরে হবে। ১ ডিসেম্বর রাজশাহীতে, ২ ডিসেম্বর খুলনায়, ৩ ডিসেম্বর বরিশালে, ৪ ডিসেম্বর ময়মনসিংহে, ৫ ডিসেম্বর সিলেটে এবং ৬ ডিসেম্বর চট্টগ্রামে আট দলের সমাবেশ হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত