ভূমিকম্প-পরবর্তী নিরাপত্তাসংক্রান্ত জরুরি নির্দেশনা জারি করেছে, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। গতকাল শনিবার সংগঠনটির পক্ষ থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো বড় ধরনের ভূমিকম্প সংঘটনের পরবর্তীতে যেকোনো সময়ে বড়মাত্রার ঘটার আশঙ্কা থাকে যা জীবন ও সম্পদের জন্য হুমকিস্বরূপ। তাই এ বিষয়ে বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা কারখানা ভবন, লিফট, বয়লার রুম, জেনারেটর রুম, সাব-স্টেশন পরীক্ষা-নিরীক্ষা করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজিএমইএ সদস্যদের বলা হয়েছে, গতকাল ২১ নভেম্বর সকালে বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি শক্তিশালী ভূমিকম্প সংঘটিত হয়। এতে দেশের বিভিন্ন স্থানে কয়েকজন হতাহত হলেও বহু স্থানে ভবন ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু পোশাক শিল্প কারখানাসমূহে বহুসংখ্যক শ্রমিক/কর্মচারী কাজ করেন তাই কারখানা ভবনসমূহের স্ট্রাকচারাল নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা অত্যন্ত জরুরি। কারখানা ভবনসমূহে অনেক ধরনের মেশিনারিজ রয়েছে যা থেকে অবিরাম কম্পন তৈরি হয়। এ ছাড়াও কারখানায় লিফট, বয়লার, জেনারেটর, সাব-স্টেশন ইত্যাদি সংবেদনশীল স্থাপনা রয়েছে, যা ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে যেকোনো সময়ে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে এবং বহুসংখ্যক শ্রমিক/কর্মচারী হতাহত হতে পারেন।
ফলে কারখানা ভবনটি ভূমিকম্প পরবর্তী সময়ে সংঘটিত ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করতে ভবনটিতে কোনো ফাটল সৃষ্টি হয়েছে কি না বা অন্য কোনো স্ট্রাকচারাল ত্রুটি দেখা দিয়েছে কি না তা অতিসত্বর একজন স্ট্রাকচারাল/সিভিল ইঞ্জিনিয়ার দ্বারা পরীক্ষা করার পাশাপাশি ভবনের লিফট, বয়লার রুম, জেনারেটর রুম, সাব-স্টেশন ইত্যাদি সংশ্লিষ্টবিষয়ে দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা পরীক্ষা-নিরীক্ষা করিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
