নিজেদের এবং দেশের ভবিষ্যতের স্বার্থে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সর্বোচ্চ মনোযোগ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান। গতকাল শনিবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের এক্সপো ভিলেজে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ আয়োজিত সমাবর্তন ২০২৫-এ সমাবর্তন বক্তার বক্তব্য দেন তিনি।
পরিবেশ উপদেষ্টা সবাইকে সতর্ক করে বলেন, ‘এখনই সচেতন না হলে আমাদের সন্তানরা হয়তো চিরচেনা বাংলাদেশের মানচিত্র এভাবে দেখতে পাবে না।’ বায়ুদূষণ, বন ধ্বংস ও নদীদূষণের মতো সমস্যা রাতারাতি বন্ধ করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, ‘ধাপে ধাপে সমাধান করা গেলে পরিবর্তন সম্ভব। ইতিমধ্যে নদী পুনরুদ্ধার কার্যক্রম শুরু হয়েছে এবং পরিবেশ রক্ষায় আইননীতির সংশোধন প্রক্রিয়া চলমান। যথাযথ সহযোগিতা পেলে এসব উদ্যোগ আরও গতিশীল হবে।’ উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের সমস্যা গভীর, এক-দুই বছরে সব সমাধান সম্ভব নয়। ভালো প্রজন্ম গঠনে পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, ‘আমরা বৈষম্যহীন সমাজ চাই, যেখানে রাজনীতি হবে মানুষের অধিকার ও ক্ষমতায়নের জন্য।’ তিনি আরও বলেন, ‘বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে হলে নিজেদের মধ্যেই ইতিবাচক পরিবর্তন আনতে হবে। অতীতে অন্যায়-অবিচার ও চ্যালেঞ্জ সত্ত্বেও মানুষের স্বপ্নই বহুবার সমাজকে এগিয়ে নিয়েছে বলেও মন্তব্য করেন।’
সমাবর্তনে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. ফারাহনাজ ফিরোজ, ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইউনুছ মিয়া, রেজিস্ট্রার মুহাম্মদ আব্দুল মতিন প্রমুখ।
