ভারতে বাংলাদেশি ছাত্রের ঝুলন্ত লাশ

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ০৭:০৩ এএম

ভারতের নয়ডার একটি এলাকার ভাড়া বাসা থেকে এক বাংলাদেশি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত রবিবার সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানায় স্থানীয় পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, মৃত শিক্ষার্থীর নাম শাহরিয়ার। ২২ বছর বয়সী ওই শিক্ষার্থী নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এনআইইউ) পড়াশোনা করতেন। নিহত শাহরিয়ার বাংলাদেশের সিরাজগঞ্জের বাসিন্দা।

পুলিশের তথ্যমতে, বাড়ির মালিক তাদের খবর দেন। তিনি জানান, এক দিনের বেশি সময় ধরে ওই শিক্ষার্থীকে দেখতে না পেয়ে খোঁজ নিতে যান তারা। পরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। গ্রেটার নয়ডা-১ সার্কেল অফিসার হেমন্ত উপাধ্যায় বলেন, লাশটি সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। গৃহমালিক তদন্তকারীদের জানিয়েছেন, শাহরিয়ারের সঙ্গে একজন নারী ছিল বাসায়। ওই নারীর নাম রূপা। তিনি বিহার রাজ্যের বাসিন্দা। পুলিশ বলছে, তারা নিজেদের বিবাহিত উল্লেখ করে ৮ হাজার রুপিতে একটি কক্ষ ভাড়া নেন। তারা ১৭ নভেম্বর সেখানে ওঠেন।

পুলিশ জানায়, রূপাকে সর্বশেষ ২১ নভেম্বর ভাড়া বাসা থেকে বের হতে দেখা গেছে। বাড়ির মালিক পুলিশকে বলেন, সেদিন সন্ধ্যা থেকেই শাহরিয়ারের ফোন বন্ধ ছিল। রবিবার জানালা দিয়ে ভেতরে তাকিয়ে দেখি তার লাশ ঝুলছে। পুলিশ কর্মকর্তারা বলেন, নিহত শিক্ষার্থীর মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ইতিমধ্যেই বাংলাদেশে মৃতের পরিবারের সদস্যদের অবহিত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত