টিভি ও চলচ্চিত্রের জাঁদরেল অভিনেতা মোশাররফ করিম। যদিও নব্বইয়ের দশকে মঞ্চনাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু হয়েছিল তার। সময়ের সঙ্গে সেই যাত্রা বিস্তৃত হয়েছে টেলিভিশন নাটক, চলচ্চিত্র এবং সাম্প্রতিক সময়ে ওটিটি প্ল্যাটফর্ম পর্যন্ত। এপার বাংলার পাশাপাশি ওপার বাংলার ওয়েব সিরিজ ও সিনেমাতেও সমানতালে কাজ করছেন সুনামের সঙ্গে। চাহিদার শীর্ষ এ তারকা দীর্ঘদিন ধরেই নাম-ভূমিকায় কিংবা কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে আসছেন। পাশাপাশি নানান রঙে, নানা ঢঙে দেখা যাচ্ছে তাকে। চলতি বছর রোজার ঈদে মুক্তি পাওয়া ‘চক্কর’-এ ভিন্ন একটি চরিত্র দেখা গেছে এই অভিনেতাকে। এবার অন্যরূপে হাজির হয়ে সবাইকে রীতিমতো চমকে দিলেন এই তিনি। যদিও এক সময় দর্শকের সিংহভাগ অংশই জানতেন মোশাররফ করিম মানেই হাসি-তামাশা ঘরানার কোনো চরিত্র, তবে এবারের চরিত্রটা কমেডি হলেও পুরোপুরি আলাদা। কারণ, এবার তিনি পর্দায় হাজির হচ্ছেন একজন ‘স্ট্যান্ড-আপ কমেডিয়ান’ চরিত্রে। মানুষকে হাসিয়ে জীবিকা নির্বাহ করাই যার কাজ। যেখানে মানুষের দৈনন্দিন যন্ত্রণা, হতাশা ও ব্যর্থতাকেই হাসির ভাষায় প্রকাশ করতে হয়। সেই না-করা কাজটাই এবার করে ফেললেন তিনি। এখানে তিনি এমন এক মধ্যবয়সী মানুষ, যে মানুষকে হাসিয়ে জীবিকা নির্বাহ করে; কিন্তু নিজের জীবনের হাসিটাই হারিয়ে ফেলে।
ওটিটি প্ল্যাটফর্ম চরকি অরিজিনাল ‘ডিমলাইট’ নামের সিনেমায় এমন চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে। এটি নির্মাণ করেছেন শরাফ আহমেদ জীবন। ওয়েব ফিল্মটিরসহÑ প্রযোজনায় আছে প্রযোজনা প্রতিষ্ঠান ছবিয়াল। সেনসেশন কনডমস প্রেজেন্টস চরকি অরিজিনাল ফিল্ম ‘ডিমলাইট’-এ কমেডিকে আশ্রয় করে একজন পুরুষ চরিত্রের মিডলাইফ ক্রাইসিসের মতো সমস্যা দেখানোর চেষ্টা আছে বলে জানান নির্মাতা শরাফ আহমেদ জীবন। তিনি বলেন, ‘প্রচুর আলো এবং ঘুটঘুটে অন্ধকারে কিছু দেখা যায় না। কিছু দেখতে চাইলে পরিমিত আলো প্রয়োজন। আমাদের জীবনে নানা সমস্যা আছে, সেগুলোর কিছু দেখা যায় কিছু দেখা যায় না। সেই না দেখতে পাওয়া সমস্যাগুলো সহজভাবে দর্শকদের দেখাতে প্রয়োজন ‘ডিমলাইট’। আশা করছি ফিল্মটি দেখলে দর্শকরা ডিমলাইটের গুরুত্ব বুঝতে পারবেন।’
গল্পটি সম্পর্কে মোশাররফ করিম বলেন, জীবনে নানান আবরণ পড়তে থাকে চিনি, টুথপেস্ট, বাচ্চার স্কুলের বেতনÑ এমন সব নিত্যনৈমিত্তিক আবরণ। সেই আবরণে ঢেকে যায় সম্পর্ক; ঘুচে যায় ভালোবাসার স্পর্শ। এসব আবরণ ধীরে ধীরে প্রেমকে ঢেকে ফেলে। আবার কখনো কিছুর ধাক্কা লাগে, তখন বোঝা যায় প্রাণভোমরাটা
কোথায়। জীবনের মোরাল খুব শান্ত, খুব ঠা-া।’
‘ডিমলাইট’ চরকির মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টের ফিল্ম। ২৫ নভেম্বর প্রকাশিত অফিশিয়াল পোস্টারে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছে, ‘মিডলাইফ ক্রাইসিস থুক্কু ডিমলাইট ক্রাইসিস’ নির্মাতা জানান, মিডলাইফ ক্রাইসিসটাকেই প্রতীকিরূপে ডিমলাইট ক্রাইসিস হিসেবে বলার চেষ্টা করেছেন তারা। আর এই ক্রাইসিসে ভোগা মানুষটি হলেন স্ট্যান্ড-আপ কমেডিয়ান মোশাররফ করিম। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন। এর গল্প, সংলাপ ও চিত্রনাট্য করেছেন নাহিদ হাসনাত। স্বাভাবিকভাবে ‘ডিমলাইট’-এ সম্পর্কের গল্প বলা হয়েছে। যেটি প্রধানত এগিয়ে নিয়ে গেছেন মোশাররফ করিম। আর সেই পথে তিনি পেয়েছেন তানজিকা আমিন, পারসা ইভানার মতো অভিনয়শিল্পীদের।
ফিল্মটির গল্প নিয়ে তানজিকা আমিন বলেন, ‘আমার মনে হয়েছিল এই গল্পটা এ সময়ের এবং এখনই বলা উচিত। এমন ঘটনা আমার যেমন দেখা-জানা, দর্শকদেরও চেনা, জীবনেরই গল্প। তাই কাজটি করতেও আগ্রহী হয়েছি।’ আরেক অভিনেত্রী পারশা ইভানা বলেন, ‘আমার মনে হয়েছে খুব ফ্রেশ একটা গল্প। যেখানে কনফিউশন, হিউমার, ক্রাইসিস আছে এবং রিলেটেবল।’
ডিমলাইট-এর সহপ্রযোজক ও ছবিয়ালের কর্ণধার অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা বলেন, ‘দেশের পরিস্থিতির কারণে আমরা সময় নিয়েছি। বলা হয় অপেক্ষার ফল মিষ্টি হয়। আগের পাঁচটি ফিল্ম দর্শক খুব ভালোভাবে গ্রহণ করেছেন। আশা করছি ডিমলাইটও দর্শকদের ভালো লাগবে। সামনে আরও ভিন্ন স্বাদের কাজের পরিকল্পনা রয়েছে।’
সিনেমাটি শিগগিরই মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে।
×
