দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা

হাসপাতালে ভিড় নেতাকর্মীদের

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০৭:১৯ এএম

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার অসুস্থতার খবর পেয়ে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হাসপাতালে ছুটে যাচ্ছেন। খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। রাষ্ট্রপতি বলেছেন, ‘গণতন্ত্র উত্তরণের এই সন্ধিক্ষণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করি। মহান আল্লাহর নিকট তার সুস্থতা এবং একই সঙ্গে দেশবাসীর কাছে তার জন্য দোয়া প্রার্থনা করি।’

এদিকে, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন। তিনি খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তার জন্য দেশবাসীর কাছে দোয়া চান। গত শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বলা হয়, প্রধান উপদেষ্টা নিয়মিতভাবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে। প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত।’ প্রধান উপদেষ্টা আরও বলেছেন, ‘গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা। তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয়ে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ প্রদান করেন। গতকাল শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার আজকের অসুস্থতা স্বাভাবিক অসুস্থতা নয়। তিনি একটা অস্বাভাবিক পরিস্থিতির স্বীকার হয়ে অসুস্থ হয়েছেন।’ গতকাল দুপুরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে, তবে তার শারীরিক অবস্থা এখন ফ্লাই করার মতো নয়।’ গতকাল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গিয়ে চিকিৎসকদের সঙ্গে আলাপ শেষ গণমাধ্যমকে তিনি এ কথা জানান। তিনি জানান, সিঙ্গাপুর ও ইউরোপের কয়েকটি দেশে নেওয়ার সম্ভাব্য বিকল্প ঠিক করা হয়েছে, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি আশা করেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরবেন।

জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী বলেছেন, খালেদা জিয়ার প্রতি দলমত নির্বিশেষে অগণন মানুষের এমন দোয়া ও ভালোবাসা পরম সৌভাগ্যের বিষয়। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। আজহারী লিখেছেন, ‘নানা বিভক্তি ও বিভাজনের এ দেশে সর্বজন শ্রদ্ধেয় মানুষের সংখ্যা একেবারেই নগণ্য। কিন্তু বেগম খালেদা জিয়া এ ক্ষেত্রে অনন্য। দেশপ্রেম ও অতুলনীয় ব্যক্তিত্বের কারণে তিনি প্রায় সবার কাছে বিশেষ সম্মানের ও শ্রদ্ধার আসন অলংকৃত করেছেন। আমি দেশের তরে সীমাহীন ত্যাগ স্বীকার করা ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল এ মহিয়সী নারীর রোগমুক্তি ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি। আল্লাহ তায়ালা তাকে দ্রুত আরোগ্য দান করুন।’

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক গতকাল সকাল ৭টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে যান। হাসপাতালে পৌঁছে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং বিএনপি চেয়ারপারসনের বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। মাওলানা মামুনুল হক সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করে দোয়া করেন। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের সর্বস্তরের নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।

বাংলাদেশের ক্রিকেটের তারকা তামিম ইকবাল বলেছেন, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ দেখা গেছে জনমনে। তামিম তার সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন। তামিম তার ফেসবুক ভেরিফায়েড পেজে লিখেছেন, ‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি। জীবনে অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তিনি টিকে থেকেছেন। এবারও সব শঙ্কা দূর করে তিনি হাসিমুখে ফিরবেন। সবাই তার সুস্থতার জন্য দোয়া করি।’

খালেদা জিয়ার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল দুপুরে হাসপাতালে যান তিনি। তিনি খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে গতকাল সকালে এভারকেয়ার হাসপাতালে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং চলমান চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। পরে তাসনিম জারা সাংবাদিকদের বলেন, ‘উনি (খালেদা জিয়া) সজ্ঞানে ও সজাগ আছেন। ক্রিটিকাল হলেও ফাইট করছেন এবং উন্নত চিকিৎসা নিচ্ছেন।’

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সবাই দোয়া করবেন ওনার জন্য। দেশ গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে, সেটা যেন উনি নিজে দেখে যেতে পারেন। শেখ হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত উনি যেন বেঁচে থাকেন। শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় খালেদা জিয়াকে সঠিকভাবে চিকিৎসা করতে দেওয়া হয়নি। দেশবাসীসহ সবার কাছে ওনার জন্য দোয়া চাই। সবাই ওনার জন্য দোয়া করবেন।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘দোয়া চাওয়া ছাড়া আমাদের কিছু করার নেই। দেশবাসীসহ সবার কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চাই।’

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে তার রোগমুক্তির জন্য গভীর প্রার্থনা জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তারা বলেন, ‘বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতিনিধিত্ব করেন। দীর্ঘ প্রতিকূলতা, সীমাহীন চাপ ও কঠিন বাস্তবতার মধ্যেও তিনি যে দৃঢ়তা, সাহস ও আপসহীন নেতৃত্বের পরিচয় দিয়েছেন, তা এই দেশের রাজনৈতিক ইতিহাসে উজ্জ্বল অক্ষরে স্মরণীয় হয়ে থাকবে। আমরা তার পরিবারের পাশে আছি। দেশের সব নাগরিকের প্রতি আহ্বান জানাচ্ছি, বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দ্রুত স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তনের জন্য দোয়া করুন। ফ্যাসিবাদমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের সংগ্রামে তিনি দ্রুত শক্তি ফিরে পান, এই কামনা রইল।’

ঢাকা বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কাইয়ুম বলেন, ‘বেগম খালেদা জিয়া আমাদের একজন আপোসহীন নেত্রী। তিনি কয়েক দিন ধরে গুরুতর অসুস্থ। আমরা ওনার জন্য দোয়া করি, যেন উনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন। সবার কাছে আহ্বান খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।’ গতকাল বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন। তিনি বলেছেন, খালেদা জিয়ার দীর্ঘায়ু বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজন। শুক্রবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ প্রার্থনা জানান। তিনি বলেন, “মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। বিগত ‘ফ্যাসিস্ট সরকারের’ অমানবিক আচরণ ও নিষ্ঠুরতার কারণেই খালেদা জিয়ার এমন শারীরিক অবস্থা তৈরি হয়েছে।”

খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে। গত রবিবার রাত ৮টার দিকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তিনি হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে দলীয় নেতাকর্মী ও সমর্থকসহ শুভাকাক্সক্ষীদের হাসপাতালে ভিড় না করতে অনুরোধ করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ করেন। বিজ্ঞপ্তিতে রিজভী বলেন, হাসপাতালে দেশনেত্রীর খোঁজখবর নিতে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড়ের কারণে দেশনেত্রীসহ অন্য রোগীদের চিকিৎসাসেবায় বিঘœ ঘটছে। এ কারণে বিএনপি ও খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে দলের নেতাকর্মী, সমর্থকসহ শুভাকাক্সক্ষীদের এভারকেয়ার হাসপাতালে ভিড় না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান রিজভী। তিনি জানান, অসুস্থ দেশনেত্রীকে দেখতে দলের সর্বস্তরের নেতাকর্মীসহ সাধারণ মানুষজন হাসপাতালে ভিড় করছেন। দেশনেত্রীর প্রতি মানুষের আবেগ ও শ্রদ্ধার ফলেই মানুষের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত