প্রোটিয়াদের বিপক্ষে রোহিত-কোহলির ব্যাটিং তাণ্ডব

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০৩:৫৩ পিএম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে দারুণ ব্যাট করছে ভারত। আবারও জুটি বেঁধেছেন দলের দুই সিনিয়র সদস্য বিরাট কোহলি এবং রোহিত শর্মা। দুজনেই তুলে নিয়েছেন ফিফটি। তাদের জুটিও একশ ছাড়িয়ে গেছে। দুই সুপারস্টারের ব্যাটে নিঃসন্দেহে বড় সংগ্রহের পথে আছে স্বাগতিক ভারত।

আজ রবিবার রাঁচিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২৫ রানে প্রথম উইকেট হারায় ভারত। নান্দ্রে বার্গারের বলে কিপার কুইন্টন ডি ককের গ্লাভসে ধরা পড়েন যশস্বী জয়সওয়াল (১৮)। এরপরই শুরু হয় রোহিত আর কোহলির প্রদর্শনী্। দুজনেই ছিলেন মারমুখী মেজাজে। প্রোটিয়া বোলারদের দুরমুশ করে ৪৮ বলে ফিফটি তুলে নেন বিরাট কোহলি। এরপর রোহিত শর্মা ফিফটি পূরণ করেন আরও দ্রুত, মাত্র ৪৩ বলে।

মাত্র ৮২ বলে ভারতের স্কোরবোর্ডে যোগ হয় ১০০ রান, যা বিশতম ওভারে দেড়শ ছাড়িয়ে যায়। ক্যারিয়ারের শেষপ্রান্তে থাকা এই দুই তারকার ব্যাটিং মাতিয়ে দেয় গ্যালারি। মার্কো ইয়ানসেনের বলে রোহিত শর্মা এলবিডাব্লিউ হলে ভাঙে ১০৯ বলে ১৩৬ রানের দ্বিতীয় উইকেট জুটি। ৫১ বলে ৫ চার ৩ ছক্কায় ৫৭ রান করেন রোহিত। অন্যদিকে কোহলি ছুটছেন তিন অংকের দিকে। এই রিপোর্ট লেখা পর্যন্ত তিনি ৭২ রানে অপরাজিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত