বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় বিএনপি নেতাকে গণসংবর্ধনা

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০৮:২৪ পিএম

বরগুনার আমতলী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জালাল উদ্দিন ফকিরকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। তার বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ এ গণসংবর্ধনার আয়োজন করে।

জানাগেছে, ২০২৪ সালের ৩ জানুয়ারি দলীয় কয়েকজন নেতার ষড়যন্ত্রে তুচ্ছ ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কমিটি আমতলী উপজেলা বিএনপির আহবায়ক জালাল উদ্দিন ফকিরকে বহিষ্কার করে। তাকে বহিষ্কার করায় তৃণমুল নেতাকর্মীরা ক্ষুব্ধ হন। তিনি বহিষ্কৃত হয়েও শেখ হাসিনার বিরুদ্ধে সকল কার্যক্রমে সক্রিয় ছিলেন।

গত সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। রবিবার বিএনপি নেতা জালাল উদ্দিন ফকির আমতলীতে আসেন। দলীয় নেতা কর্মী ও সাধারণ মানুষ শাখারিয়া চৌরাস্তায় তাকে প্রথম দফায় গণসংবর্ধনা দেন। 

শাখারয়িা চৌরাস্তায় গণসংবর্ধনা শেষে মোটর শোভাযাত্রার মাধ্যমে তাকে আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণের মুক্তমঞ্চে আনা হয়। ওই স্থানে দ্বিতীয় দফায় গণসংবর্ধনা দেয়া হয়। গণসংবর্ধনায় দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

এতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম যুগ্ম মহাসচিব গাজী তৌহিদুল ইসলাম, আমতলী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. জহিরুল ইসলাম ভিপি মামুন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মহসীন মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. কামরুজ্জামান হিরু, মাহবুব উল আলম মৃধা, পৌর বিএনপির আহবায়ক কবির ফকির ও উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক বিআরডিবি চেয়ারম্যান মাইনুদ্দিন মামুন সিকদার প্রমুখ। 

আমতলী উপজেলা বিএনপির আহবায়ক জালাল উদ্দিন ফকির দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির কামনা করে সকল নেতাকর্মীকে দোয়া-মোনাজাতের আহবান জানিয়ে তিনি বলেন উপজেলার তৃণমুল নেতাকর্মীদের সুসংগঠিত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে নিরলসভাবে কাজ করব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত