মানুষের জীবনে ভাষা ও আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামে সুন্দর, সত্য ও প্রশান্তিদায়ক কথা বলাকেও সদকা হিসেবে গণ্য করা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘উত্তম কথা বলা সদকা।’ (সহিহ বুখারি) সুন্দর কথার গুরুত্ব অপরিসীম। সুন্দর কথা মানুষের হৃদয় নরম করে, ভালোবাসা বাড়ায় এবং পারস্পরিক আস্থা তৈরি করে। কটু ভাষা বিভেদ সৃষ্টি করে আর সুন্দর কথা সমাজে ঐক্য আনে। হজরতে আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই মুমিন ব্যক্তি তার ভালো চরিত্রের মাধ্যমে দিনে রোজা পালনকারী এবং রাতে তাহাজ্জুদ আদায়কারীর সমান মর্যাদা লাভ করতে পারে।’ (আবু দাউদ)
কোরআনে মহান আল্লাহ বলেন, ‘তোমরা মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলো।’ (সুরা বাকারা ৮৩) কোরআনের বিভিন্ন স্থানে সুন্দর ভাষায় কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে। মহান আল্লাহ আরও বলেন, ‘তোমার প্রতিপালকের পথে আহ্বান করো প্রজ্ঞা ও উত্তম উপদেশের মাধ্যমে এবং তাদের সঙ্গে বিতর্ক করো সবচেয়ে সুন্দর পদ্ধতিতে।’ (সুরা নাহল ১২৫)
এই আয়াতগুলো থেকে স্পষ্ট যে, সুন্দর কথা বলা শুধু নৈতিকতা নয়, বরং মহান আল্লাহর আদেশ। রাসুলুল্লাহ (সা.) সুন্দর কথা বলার ওপর বিশেষ জোর দিয়েছেন। তিনি বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতে বিশ্বাস রাখে, সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে।’ (সহিহ বুখারি) কাউকে হাসিমুখে কথা বলা, সান্ত্বনা দেওয়া, পরামর্শ দেওয়া, সবই মহান আল্লাহর নিকট পুরস্কারপ্রাপ্ত আমল। রাসুল (সা.) আরও বলেন, ‘গালমন্দ, অশালীন ও কঠোর ভাষা মুমিনের গুণ নয়।’ (তিরমিজি) এগুলো নির্দেশ করে যে, ভালো কথা বলা ইবাদতের মর্যাদা রাখে এবং কটু ভাষা পাপের অন্তর্ভুক্ত।
ইতিহাসে দেখা যায়, ইসলামের দাওয়াত বিস্তার হয়েছে প্রধানত সুন্দর, যুক্তিসম্মত ও নম্র ভাষার মাধ্যমে। নবীজি (সা.) কঠোর শত্রুকেও কোমল ভাষায় আহ্বান করতেন। হজরত মুসা (আ.) ও হারুন (আ.)-কেও ফেরাউনের কাছে নরম ভাষায় কথা বলার নির্দেশ দেওয়া হয়েছিল। এটা থেকে বোঝা যায়, ইসলামের দৃষ্টিতে ভাষার সৌন্দর্য শুধু শিষ্টাচার নয়, বরং চরিত্র নির্মাণের কেন্দ্রবিন্দু।
সুন্দর কথায় আছে অসাধারণ প্রভাব। একটি নরম কথা অনেক বড় ঝগড়া থামিয়ে দেয়। মনোবিজ্ঞানীদের মতে, ইতিবাচক কথা মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ ঘটায়, যা মানসিক প্রশান্তি বাড়ায়। যে মানুষ সুন্দরভাবে কথা বলে, তার কথা মানুষ সহজে গ্রহণ করে। সুন্দর করে কথা বলা শুধু সামাজিক সৌজন্য নয়, বরং ইসলামে এটি ইবাদত ও সদকা। তাই আমাদের উচিত প্রতিদিনের জীবনে কটু ভাষা পরিহার করে সত্য ও নম্র ভাষা ব্যবহার করা। এতে আমরা মানুষের ভালোবাসা অর্জন করব এবং আল্লাহর কাছে পুরস্কৃত হব।
লেখক : ইসলামবিষয়ক গবেষক ও শিক্ষক
