জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৮ এএম

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে গ্রেপ্তারে পরোয়ানা জারির আদেশ হয়েছে। পাশাপাশি জয়সহ মামলার অন্য আসামি সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ অভিযোগ আমলে নেয়। পাশাপাশি অভিযোগ গঠনের ওপর শুনানির জন্য ১০ ডিসেম্বর দিন ধার্য করে ট্রাইব্যুনাল। এই প্রথম মানবতাবিরোধী অপরাধের কোনো মামলায় জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো।

প্রসিকিউশনপক্ষে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম ট্রাইব্যুনালে জয় ও পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করে জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেন। জয় ও পলকের বিরুদ্ধে জুলাই-আগস্টে ইন্টারনেট বন্ধ, হত্যাকা-ে উসকানি দেওয়াসহ তিনটি অভিযোগ আনা হয়েছে। এর আগে গত বুধবার প্রসিকিউশন থেকে জানানো হয়, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জয় ও পলকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন তারা হাতে পেয়েছে। অভিযোগে বলা হয়, শেখ হাসিনা ও আসামি সজীব আহমেদ ওয়াজেদ জয়ের আদেশ, নির্দেশ, অনুমোদন ও জ্ঞাতসারে আসামি জুনাইদ আহমেদ পলক ছাত্র-জনতার আন্দোলন দমনে লেথাল উইপন ব্যবহারসহ আন্দোলনকারীদের নিজেদের মধ্যকার যোগাযোগ বিচ্ছিন্ন করে তাদের শনাক্ত করে সর্বোচ্চ বলপ্রয়োগের নির্দেশ দেন। আন্দোলনকারীদের আটক, নির্যাতন ও হত্যার নির্দেশ কার্যকর করার সুযোগ তৈরি করে দিতে প্রথমে মোবাইল ইন্টারনেটের গতি কমিয়ে ও পরে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। অভিযোগে বলা হয়, ইন্টারনেট বন্ধ করে দিয়ে আন্দোলনরত ছাত্র-জনতার পরস্পর যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়ে হত্যাকা- চালানো হয়।

সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ আমলে : মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইন ও বিচারমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। দুজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে। গতকাল বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল সালমান এফ রহমান ও আনিসুল হককে ১০ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দেয়। ওইদিন অভিযোগ গঠনের ওপর শুনানি হবে।

রামপুরায় হত্যাকা-ে অভিযোগ গঠনের আবেদন : জুলাই-আগস্টে অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় ২৮ জন ছাত্র-জনতাকে হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই সেনা কর্মকর্তাসহ চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেছে প্রসিকিউশন। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ অভিযোগ গঠনের পক্ষে যুক্তি তুলে ধরে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তার শুনানি শেষে ১৪ ডিসেম্বর আসামিপক্ষে শুনানির দিন ধার্য করে আদালত। এ মামলায় কারাগরে থাকা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত-বিন-আলমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পলাতক অন্য দুই আসামি হলেন পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম ও সাবেক ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. মশিউর রহমান। আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত