যারা মাইনাস ফোর বলছে তারা স্বৈরাচারের দোসর

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:২৩ এএম

চলমান রাজনৈতিক আলোচনায় উঠে আসা ‘মাইনাস ফোর ফর্মুলা’ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যারা মাইনাস ফোর ফর্মুলার কথা বলছে, তারা স্বৈরাচারের দোসরের দল থেকেই এসেছে। সরকারের পক্ষ থেকে কখনোই মাইনাস ফোরের কোনো কথা বলা হয়নি। যিনি মাইনাস হয়েছেন, তিনি হত্যাযোগ্য অপরাধের কারণে মাইনাস হয়েছেন।’

গতকাল শুক্রবার সকালে মাগুরা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

শফিকুল বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এটি ঠেকানোর মতো কোনো শক্তি নেই। ১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবেই, কোনো শক্তি নেই নির্বাচন প্রতিহত করার। সব দলের অংশগ্রহণে এবার সুষ্ঠু ও সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হবে।

জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে সরকারের প্রেস সচিব বলেন, ‘জাতীয় পার্টি সম্পর্কে আমাদের অবস্থান স্পষ্ট। তারা নির্বাচন করতে চাইলে, সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। তবে ইতিহাস বলবে, জাতীয় পার্টি ভয়ংকর রকমভাবে স্বৈরাচারের দোসর ছিল। আওয়ামী লীগ যে সব অপকর্ম করেছে, তা করেছে জাতীয় পার্টির সহযোগিতায়।’

তারেক রহমান সম্পর্কে তিনি বলেন, ‘তারেক রহমানের আসার ব্যাপারে সরকারের কোনো বাধা বিপত্তি নেই। যখন ইচ্ছা তিনি বাংলাদেশে আসতে পারবেন। কেন আসছেন না সেটা ওনার বিষয়। উনি একটি পলিটিক্যাল পার্টির প্রধান, পলিটিক্যাল পার্টি যেভাবে স্ট্যাটিজি কীভাবে ঠিক করবেন। এটা পুরোপুরি তাদের বিষয়।’

তিনি আরও বলেন, খালেদা জিয়া লন্ডনে চিকিৎসার জন্য লন্ডল যাচ্ছেন। আমরা আশা করব তিনি সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসবেন। এখন তার উপস্থিতি খুবই প্রয়োজন। তার পার্টি জানিয়েছে তিনি ৩টি আসনে নির্বাচন করবেন। খালেদা জিয়া আমাদের ন্যাশনাল লিডার। আপামর জনসাধারণের লিডার। উনি এখন শুধু বিএনপির লিডার না, যেকোনো পার্টির কাছে শুনবেন উনি একটা মহান জায়গা করে আছেন।

এর আগে শফিকুল আলম মাগুরায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। মাগুরা জেলা প্রশাসন ও মাগুরা জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় ৯টি দলের অংশগ্রহণে মাগুরা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ টুর্নামেন্ট আয়োজন করেছে জাতীয় ক্রীড়া পরিদপ্তর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত