কেশবপুরে যৌথ বাহিনীর অভিযানে আটক হওয়া এক যুবদল নেতার কারাগারে মৃত্যু হয়েছে। তার নাম উজ্জ্বল বিশ্বাস (৩৯)। গত বৃহস্পতিবার রাতে যশোর কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হওয়ার ১৫ মিনিটের মাথায় তার মৃত্যু হয়। এর আগে ওই রাতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ উজ্জ্বল ও আরও তিনজনকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ। উজ্জ্বল কেশবপুর উপজেলার আলতাপোলের নাজির বিশ্বাসের ছেলে। তিনি স্থানীয় যুবদল নেতা।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ জানান, রাত ৯টার দিকে উজ্জ্বলকে কারাগারে হস্তান্তর করা হয়। সে সময় তিনি অসুস্থ ছিলেন। তার নথিতে উল্লেখ ছিল, তিনি গণপিটুনির শিকার হয়েছেন। পরে তাকে কারা হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। প্রায় ১৫ মিনিট পর তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের আরএমও বজলুর রশিদ টুলু জানান, তার শরীরের বিভিন্ন অংশে চাপা আঘাত ছিল এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে। বৃহস্পতিবার রাতে যৌথবাহিনীর অভিযানে উজ্জ্বল, জাহাঙ্গীর হোসেন পলাশ, আলম ও নতুন মূলগ্রামের রাসেলকে আটক করা হয়। ওই সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, ধারালো অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
উজ্জ্বল বিশ্বাসের কাছ থেকে একটি রামদা, তিনটি হাসুয়া ও একটি চাপাতি উদ্ধার করা হয়। এসব ঘটনায় পৃথক তিনটি মামলা করে গত শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হয়। ওইদিনই চিকিৎসাধীন অবস্থায় রাতে উজ্জ্বলের মৃত্যু হয়।
