হেফাজতের নায়েবে আমির বললেন

ডিসি এসপিদের খোলা মাঠে বিচার করা হবে

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৩ এএম

বাংলাদেশ হেফাজতে ইসলামের নায়েবে আমির আব্দুল হামীদ বলেছেন, ‘আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি, এসপিদের খোলা মাঠে বিচার করা হবে।’ গতকাল শনিবার দুপুরে বাংলাদেশ হেফাজতে ইসলাম মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে মানিকগঞ্জ বালক উচ্চ বিদ্যালয় মাঠে পাঁচ দফা দাবিতে শানে তাওহীদ মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ১৭ অক্টোবর সরকার ঘোষিত লালন তিরোধান দিবস বাতিল করতে হবে। দেশে এখন লালনের মূর্তি তৈরি করা হয়েছে, এখন তার পূজা করা হয়। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, এই সরকার নাস্তিক সরকার, আওয়ামী লীগের চাইতে ও খারাপ। বাউলদের ইসলামবিরোধী কার্যকলাপ বন্ধ না করলে ৬৪ জেলায় একসঙ্গে আন্দোলন ও সমাবেশ করা হবে।

এ সময় মানিকগঞ্জ জেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা সাঈদ নূরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতারা, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস শেখ সালাহউদ্দিনসহ জেলার আলেম-ওলামা, মসজিদের ইমাম, খতিব ও বিভিন্ন ইসলামি সমমনা দলের নেতারা। বক্তারা অনতিবিলম্বে আবুল সরকারের ফাঁসি ও বাউলদের সব গানের আসর বন্ধের দাবি জানান।

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে আবুল সরকারের বিচার দাবিতে ২৩ নভেম্বর সকাল ১০টার দিকে তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। একই দিন বেলা ১১টার দিকে আবুল সরকারের মুক্তির দাবিতে প্রেস ক্লাব চত্বরে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলেন বাউল সমর্থকরা।

বেলা ১১টার দিকে শহরের সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠের পাশে বাউলশিল্পী আবুল সরকারের সমর্থকদের ওপর হামলা চালায় তৌহিদী জনতার একটি অংশ। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাউল সমর্থক শিল্পী আলিম, আরিফুল ও জহিরুলসহ চারজন আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। অন্যদিকে তৌহিদী জনতার পক্ষেও একজন আহত হন।

মানিকগঞ্জে বাউল সমর্থকদের ওপর হামলার ঘটনায় অজ্ঞাত তৌহিদী জনতাকে আসামি করে সদর থানায় ২৪ নভেম্বর অভিযোগ করেছেন আহত আব্দুল আলীম। এতে ফুঁসে ওঠে ইস্যুটি নিয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত