নির্বাচনের এখনো অনেক বাকি, সামনে আরও বড় চমক দেখা যাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেছেন ‘আমরা কোনোদিনই রাষ্ট্রপরিচালনায় ক্ষমতায় আসিনি। আমরা জাতীয় পার্টি, ধানের শীষ, নৌকা সবই দেখেছি। এবার না হয় একবার দাঁড়িপাল্লায় ভোট দিন। দেখুন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশকে কীভাবে পরিচালনা করে। ভালো না পারলে আর কখনো ভোট দেবেন না।’
গতকাল রবিবার সকালে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলায় সম্প্রতি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত গাড়াগ্রাম ইউনিয়নের নতুন টেপারহাট গ্রামের ৯০টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জামায়াতের খুলনা ডুমুরিয়ায় শুধু কৃষ্ণ চন্দ্রই প্রার্থী নয়, সামনে দেশপ্রেমিক দল ও জনগণকে নিয়ে জামায়াত আরও বড় চমক দেখাবে। আমরা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। ইসলাম কায়েম শুধু আন্দোলন সংগ্রামে হয় না, গণতান্ত্রিক ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠ হয়ে সংসদে যেতে হয়। আল্লাহ সুযোগ দিলে আমরা ইসলামের ভিত্তিতে মানুষের সুখ-শান্তির জন্য কাজ করব। এতে শুধু মুসলিম নয়, অমুসলিমরাও উপকৃত হবে এটাই আল্লাহর বিধান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ওই অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহর সভাপতিত্বে অন্যদের মধ্যে দলের রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মুহাম্মদ আব্দুর রশিদ, জেলা জামায়াতের আমির নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, নায়েবে আমির ড. খায়রুল আনাম, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরীগঞ্জ) আসনের জামায়াত মনোনীত প্রার্থী সৈয়দপুর উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল মুনতাকিমসহ প্রমুখ বক্তব্য রাখেন।
