বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের পলিটিক্যাল-ইকোনমিক কাউন্সিলর এরিক গিলান বৈঠক করেছেন।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগর জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের সামগ্রিক নাগরিক উন্নয়ন, ধর্মীয় সহাবস্থান, মানবাধিকার ও অর্থনৈতিক অগ্রগতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে চট্টগ্রাম মহানগরীর আমির বলেন, বাংলাদেশ এমন একটি দেশ যেখানে সব ধর্ম, সম্প্রদায় ও নাগরিকের সমান মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠিত আছে। যা ইসলামের মৌলিক শিক্ষা। এসময় আমির কথাটি পুনঃউল্লেখ করে বলেন, এই দেশে কোনো সংখ্যালঘু নেই। সকল ধর্মের মানুষদের সমান অধিকার রয়েছে।
চট্টগ্রামের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সমস্যা ও নাগরিক দুর্ভোগ নিয়ে জামায়াতের উদ্যোগ, তৎপরতা ও সেবামূলক কার্যক্রম বৈঠকে তুলে ধরা হয়। একই সঙ্গে চট্টগ্রাম বন্দর, আন্তর্জাতিক বাণিজ্য ও দেশের অর্থনৈতিক উন্নয়নে চট্টগ্রামের কৌশলগত গুরুত্ব নিয়েও আলোচনা হয়।
বৈঠতে আরও উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নগর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ডা. একেএম ফজলুল হক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্যা ও নগর মহিলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি হাসিনা ইয়াসমিন রিনা, এসিস্ট্যান্ট সেক্রেটারি আয়েশা পারভিন ও সাংগঠনিক সম্পাদিকা শিরিন জাহান ।
