প্রকল্প শুরু করার আগে যেসব সুন্দর উপস্থাপনার মাধ্যমে প্রকল্পের বরাদ্দ নেওয়া হয়, কিন্তু বাস্তবায়নের সময় সেসব সুন্দর বিষয় আর থাকে না বলে জানিয়েছেন পরিকল্পনা বিভাগের সচিব এসএম শাকিল আখতার। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁও এনইসি সম্মেলন কক্ষে ‘ন্যাশনাল এনার্জি রেজিলেন্স থ্রো রিনিউয়েবল ইন্টিগ্রেশন : দ্য বাংলাদেশ পার্সপেকটিভ’ শীর্ষক এক সেমিনারে সচিব এসব কথা বলেন। তিনি বলেন, ‘প্রকল্পে আমরা কাগজে খুব সুন্দরভাবে যে কথাগুলো লিখি, বাস্তবে সেগুলোর সঠিক বাস্তবায়ন করি না।’
পরিকল্পনা সচিব বলেন, কাগজে লক্ষ্য, উদ্দেশ্য এবং বাস্তবায়ন প্রক্রিয়া সুন্দরভাবে লিখে অনুমোদন নিয়ে যাওয়া হয়, কিন্তু বাস্তবায়নের সময় সেগুলোর কোনো ধার ধারে না। এই বাস্তবায়নের সঙ্গে যারা যুক্ত, সেই নির্দিষ্ট লোকদের যদি ভবিষ্যতে শাস্তির আওতায় আনা না যায়, তবে কোনো উদ্যোগই কাজে আসবে না।’
তিনি আর বলেন, ‘আমরা বাস্তবায়নের সঙ্গে যুক্ত একটি পুরো দলকে (গ্রুপ অব পিপল) দায়ী করি, যা মোটেই ঠিক নয়। ইঞ্জিনিয়ারিং এবং সড়ক প্রকল্পের মতো ক্ষেত্রে কারা বাস্তবায়ন করছে, তা আমরা দেখতে পাই। কিন্তু যখন বাস্তবায়নের মেসেঞ্জার ব্যর্থ হয়, তখন একটি পুরো দলকে, যেমন : ২০ জন, ২৫ জন বা ৩০ জনকে দায়ী করা হয়। অথচ এত লোক জড়িত থাকার কথা নয়।’
সচিব বলেন, ‘যদি নির্দিষ্টভাবে লোকজনকে চিহ্নিত করা না যায় এবং শাস্তির নিশ্চয়তা না দেওয়া যায়, তবে ভবিষ্যতে আমাদের কোনো উদ্যোগই কাজে আসবে না। তিনি বিশ্বাস করেন, যেদিন থেকে এই শাস্তির ব্যবস্থা চালু করা হবে, সেদিন থেকেই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, তার আগে নয়।’
