সাড়ে ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের গ্রেড বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। গ্রেড ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীত হয়েছে। ফলে ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষক এই গ্রেডে বেতন পাবেন। গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের এক চিঠি থেকে এ তথ্য জানা যায়।
এর আগে গত ৩ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির ২০২৫-২৬ অর্থবছরের অষ্টম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এ সভায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষকের পদের বেতন স্কেল ১১ গ্রেড থেকে ১০ গ্রেডে উন্নীতকরণের প্রস্তাব সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উপস্থাপন করেন। সভায় অবহিত করা হয়, রিট পিটিশন অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল গ্রেড-১১ থেকে গ্রেড-১০ এ উন্নীতকরণ করে সরকারি আদেশ জারি করা হয়েছে। এই ৪৫ জন প্রধান শিক্ষকের ধারাবাহিকতায় অবশিষ্ট ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষক পদের বেতন স্কেল গ্রেড-১১ থেকে গ্রেড-১০ এ উন্নীতকরণের প্রস্তাব করা হলে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্মতি দিয়েছে।
অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ সম্মতি দিয়েছে। অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ এ ৬৫ হাজার ৫০২টি পদের বেতন স্কেল দশম গ্রেডে নির্ধারণ করেছে।
বিস্তারিত পর্যালোচনা করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদের বেতন স্কেল ১১ গ্রেড থেকে ১০ গ্রেডে উন্নীতকরণের সুপারিশ করা যেতে পারে মর্মে সভায় ঐকমত্য প্রকাশ করা হয়।
সে অনুযায়ী সিদ্ধান্ত হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষকের পদের বেতন গ্রেড-১১ থেকে গ্রেড-১০ এ উন্নীতকরণের সুপারিশ করা হলো। এই বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগ থেকে আরোপিত শর্ত (প্রযোজ্য ক্ষেত্রে) প্রতিপালন এবং অন্য প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা শেষ করা হবে।
