খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী ভারতে অবস্থানরত ‘ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগল কমিটি’র নেতা শিপন কুমার বসুর বিরুদ্ধে জীবননাশের হুমকি ও অকথ্য ভাষায় গালাগালের অভিযোগ এনেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। কৃষ্ণ নন্দী জামায়াতে ইসলামীর সনাতন শাখার ডুমুরিয়া উপজেলা সভাপতি।
সংবাদ সম্মেলনে কৃষ্ণ নন্দী বলেন, ‘শিপন বসু একজন ব্ল্যাকমেইলার ও আন্তর্জাতিক চাঁদাবাজ। সে আমার মোবাইল নম্বর সংগ্রহ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে আমার মুখ বসিয়ে অশ্লীল ও মিথ্যা ছবি তৈরি করেছে। এসব ছবি ছড়িয়ে আমার চরিত্রহননের চেষ্টা করছে। সে আমাকে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল করেছে।’ তিনি বলেন, হিন্দু হয়ে জামায়াতে কেন যোগ দিয়েছি হুমকিদাতা সেই প্রশ্ন তুলে আমাকে হত্যার হুমকি দেয়। কৃষ্ণ নন্দী জানান, জামায়াতে ইসলামী খুলনা-১ আসনে তাকে দাঁড়িপাল্লা প্রতীকে মনোনয়ন দেওয়ার পর থেকেই একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এতে বিভ্রান্ত না হতে দেশবাসীর প্রতি অনুরোধ জানান।
তিনি দাবি করেন, তার প্রার্থিতা প্রমাণ করে জামায়াতে ইসলামী একটি অসাম্প্রদায়িক দল। দলের কাছে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কিংবা জাতি-উপজাতি কোনো ভেদাভেদ নেই। তাকে মনোনয়ন দেওয়ার পর সারা দেশে হিন্দু সম্প্রদায়ের মধ্যে দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক সাড়া পড়েছে। এতেই ঈর্ষান্বিত হয়ে একটি চক্র তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু করেছে। তিনি আরও জানান, এ আসনে আগে জামায়াতের মনোনীত প্রার্থী ছিলেন বটিয়াঘাটা উপজেলা আমির মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফ। তাকে পরিবর্তন করে কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দেওয়ার পরও মাওলানা আবু ইউসুফ তাকে পূর্ণ সমর্থন দিচ্ছেন এবং একসঙ্গে প্রচারণা চালাচ্ছেন। দুজনের মধ্যে কোনো মতবিরোধ নেই।
কৃষ্ণ নন্দী বলেন, ‘ব্যাপক জনসমর্থন নিয়ে আমি এ আসনে বিজয়ী হব এবং সংসদে দাকোপ-বটিয়াঘাটার সাধারণ মানুষের সেবা করব।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের সনাতন কমিটি ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি ডা. হরিদাস ম-ল, সেক্রেটারি অধ্যক্ষ দেবপ্রসাদ ম-ল, কোষাধ্যক্ষ গৌতম ম-ল, জলমা ইউনিয়ন শাখার সভাপতি বাদল রায়, বটিয়াঘাটা উপজেলা আমির মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
সম্প্রতি সামাজিক মাধ্যমে কৃষ্ণ নন্দীর হাতে মদের বোতল ও পাশে নারীসহ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে, যেগুলো তিনি এআইয়ের মাধ্যমে তৈরি করা মিথ্যা ছবি বলে দাবি করেছেন।
