জামায়াতে যোগ দিলেন মুক্তিযোদ্ধা মেজর আখতার

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:১০ এএম

আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান। গতকাল শনিবার সকালে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে যান আখতারুজ্জামান। জামায়াতের আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সংগঠনে যোগ দেন। আখতারুজ্জামান নিজেই গণমাধ্যমের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।

জামায়াতে যোগ দেওয়ার পর আখতারুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘আমি জামায়াতে যোগ দিয়েছি, কিন্তু জাতীয় নির্বাচনে অংশ নেব না। তারেক রহমান বলেছেন, জামায়াত লাখ লাখ লোক মেরেছে তার এই বক্তব্যের জন্য আমি জামায়াতে যোগ দিয়েছি। যারা এত লোক মারতে পারে তারাই তো শক্তিশালী, তাদের পাশে থাকা দরকার।’

এদিকে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎকালে আখতারুজ্জামান জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সংগঠনের অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন। তিনি ইসলাম ও ইসলামি মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি জামায়াতে ইসলামীর নিয়মনীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন। জামায়াতের আমির তাকে আন্তরিকভাবে আলিঙ্গন করেন এবং তার দীর্ঘ নেক হায়াত কামনা করেন।

যোগদান অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম উপস্থিত ছিলেন।

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান পঞ্চমবারের মতো বিএনপি থেকে বহিষ্কৃত হন ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি। নানা সময় সমসাময়িক ইস্যু নিয়ে টকশো কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলে আলোচনায় ছিলেন তিনি।

চৌদ্দগ্রামের বাতিসায় বিএনপির ওয়ার্ড সেক্রেটারিসহ বহু নেতাকর্মীর জামায়াতে যোগদান : কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নূর ইসলাম পাটোয়ারীসহ-প্রচার সম্পাদক দেলোয়ার হোসেনের নেতৃত্বে আরও কয়েকজন বিএনপি নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। এ উপলক্ষে গতকাল শনিবার বিকেলে স্থানীয় নানকরা আয়েশা ছিদ্দিকা মহিলা মাদ্রাসা মিলনায়তনে জামায়াতে ইসলামীতে যোগদানকৃতদের ফুলেল শুভেচ্ছা প্রদানের মাধ্যমে বরণ করে নেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মো. মুজিবুর রহমান ভূঁইয়া, জামায়াত নেতা শাওনেওয়াজ কাজল, বাতিসা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাইয়্যেদ রাশীদুল হাসান জাহাঙ্গীর, সেক্রেটারি মোতাহার হোসেন মোল্লা, চিওড়া ইউনিয়ন জামায়াতের আমীর শাহ জালাল টিপু, সেক্রেটারি হুমায়ুন কবির সুজন, কনকাপৈত ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ হাছান মজুমদার, বাতিসা ইউনিয়ন জামায়াত নেতা আবু ইউসুফ, মাহফুজুর রহমান প্রমুখ।

জামায়াতে ইসলামীতে সদ্য যোগদানকৃত ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নূর ইসলাম পাটোয়ারী বলেন, মহান আল্লাহর প্রতি বিশ্বাস ও পরকালের স্মরণ এবং ভয় থেকে আমি বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগদান করেছি। বিএনপির ওয়ার্ড সেক্রেটারি থাকাকালীন আমি বিভিন্নভাবে বহু স্থানে বহু মানুষের সামনে লজ্জিত হয়েছি। বিভিন্ন মারামারি-হানাহানি ও বিচার-সালিশ নিয়ে ব্যাপক অতিষ্ঠ হয়ে গেছি। বিএনপিতে কোনো প্রকার দলীয় শৃঙ্খলা নেই, দলীয় নেতাকর্মীদের মধ্যে নেই কোনো আন্তরিকতা। কেউ কাউকে মানে না। বিভিন্ন সভা-সমাবেশে টাকা খরচ করে লোকজন নিয়ে গেলেও সিনিয়র নেতা কর্তৃক অপমানিত হতে হয়। ফ্যাসিস্টবিরোধী আন্দোলনসহ দলীয় সব কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার পরও বিভিন্ন মিথ্যা অপবাদ শুনতে আর ভালো লাগে না। কথায় কথায় অপমান আর তুচ্ছ-তাছিল্য করা হয় এখানে। দলীয় প্রোগ্রাম সহ যেকোনো অনুষ্ঠানে গেলে কোনো মূল্যায়ন তো করা হয়ই না বরং সেখানে নাম ধরে ধরে সবার সামনে করা হয় অপমান। তাই আমি আজ আমার জনবল নিয়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেছি। দেশপ্রেম ও আল্লাহর দায়ী হওয়ার তাগাদায় এমন বাস্তবধর্মী সিদ্ধান্ত নিতে পেরে আমি মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত