হামলার প্রতিবাদে উত্তাল দেশ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:১৮ এএম

ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলার মঞ্চের মুখপাত্র শরিফ মো. ওসমান হাদিকে হামলার প্রতিবাদে উত্তাল দেশ। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। ব্যর্থ হলে ১৫ ডিসেম্বর শহীদ মিনার থেকে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। ইনকিলাব মঞ্চের আয়োজিত ‘বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও গণ প্রতিরোধ’ শীর্ষক কর্মসূচি থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়। ওইদিন বিকেল ৩টায় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। এ ছাড়া বিএনপিসহ বিভিন্ন সামাজিক সংগঠন পৃথক কর্মসূচি পালন করছে। ‘চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ ও শরিফ ওসমান হাদির হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রতিবাদ মিছিল করে বিএনপি। গতকাল শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ করে দলটি। পরে প্রতিবাদ মিছিল করা হয়।

গতকাল দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ইনকিলাব মঞ্চের সমাবেশ হয়। সমাবেশের সভাপতি আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, হাদিকে যারা হত্যা করার চেষ্টা করেছে, সেই আততায়ীদের গ্রেপ্তার করতে না পারলে ১৫ ডিসেম্বর শহীদ মিনার থেকে এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। তারা দ্বিতীয়বার বিপ্লব করে অসম্পূর্ণ বিপ্লব পূর্ণ করবেন। যাতে করে সব রাজনীতিবিদ বলতে বাধ্য হয়, এবার বাংলাদেশে বিপ্লব সংঘটিত হয়েছে।

মাহমুদুর রহমান বলেন, এই সরকার জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। হাদির ওপরে হঠাৎ করে আক্রমণ হয়নি। তার ওপর যে আক্রমণ হবে সেটা বারেবারে জানান দেওয়া হয়েছে। আজকে জুলাই যোদ্ধাদের ওপরে আক্রমণ করা হচ্ছে। ফুয়াদ (এবি পার্টির সাধারণ সম্পাদক) আক্রান্ত হয়েছে। জুবায়ের (ডাকসুর সমাজসেবা সম্পাদক যুবাইর বিন নেছারী বা এ বি জুবায়ের) বলে গেলেন, টেলিফোনে হুমকি আসছে। অথচ এই সরকার ভদ্রতা দেখাচ্ছে। তারা এখন পর্যন্ত কোনো কম্বিং অপারেশন চালাতে পারেনি। অস্ত্রধারীদের গ্রেপ্তারের কোনো অ্যাকশন তারা দেখাতে পারেনি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘গুলি শুধু ওসমান হাদির মাথার ভেতর দিয়ে যায়নি, বাংলাদেশের প্রতিটি মানুষের বিবেকের ভেতর দিয়ে গেছে। গত ১৭ বছর ধরে যারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে, তারাই এখন বিভিন্ন পরিচয়ে টকশোর বুদ্ধিজীবী, নাট্যকর্মী বা সাংস্কৃতিককর্মী নতুনভাবে সক্রিয় হচ্ছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে ফ্যাসিস্টদের কোনো জায়গা হবে না সে যে নামেই থাকুক না কেন। গুলশানে জাতীয় পার্টির নামে যারা আবার ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে, ওসমান হাদি ভাইয়ের রক্তের সময়ে তাদের বাংলাদেশে এক ইঞ্চি জায়গাও দেওয়া হবে না।’

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব (ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক) ফাতিমা তাসনিম, ডাকসুর সমাজসেবা সম্পাদক যুবাইর বিন নেছারী, অভিনয়শিল্পী আসাদুজ্জামান আসাদ, মিরর নিউজের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন সাঈদ বক্তব্য রাখেন। সমাবেশ সঞ্চালনা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। সমাবেশ শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ থেকে টিএসসির দিকে যান।

নয়াপল্টন থেকে মিছিল বের করার আগে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘শরিফ মো. ওসমান হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা না হয়, বৃহৎ ষড়যন্ত্রের ছোট্ট একটি অংশ মাত্র। আমরা চাই আসল ঘটনা প্রকাশ হোক। বিশেষ একটি রাজনৈতিক দলের মুখোশ উন্মোচন হোক।’

তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘১৭ বছর আন্দোলনের পর কথা বলার স্বাধীনতা পেয়েছি। হাদি আমার সন্তানতুল্য। হামলার খবর শুনে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। আমি মনে করি, এ আঘাত হাদির ওপর নয়, গণতন্ত্র ও স্বাধীনতার ওপর। কালো শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

প্রশ্ন রেখে তিনি বলেন, ‘হামলার এক ঘণ্টা পর একটি পক্ষ ফেসবুকে লিখেছে যে যেখানে আছো, বের হয়ে আসো। আমরা মনে করি, পরিকল্পিতভাবেই এ হামলা হয়েছে।’

বিএনপির এই সিনিয়র নেতা অভিযোগ করেন, ‘হাসপাতালে যারা আক্রমণাত্মক স্লোগান দিয়েছে, তারা বিশেষ একটি দলের নেতাকর্মী। তারা অনেক বেয়াদবি করেছে। আমি নির্দেশনা দিলে আমার নেতাকর্মীরা তুলোধুনো করে দিত।’

মির্জা আব্বাস বলেন, ‘মব সৃষ্টিকারীরা চেয়েছিল হাদি মারা যাক। আমরা চাই তাকে বাঁচাতে। নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছি। ওই পক্ষটির চরিত্র ১৯৭১ ও ৪৭ দেখেছি। হাদি সহযোগিতা চাইলেই আমি সহযোগিতা করতাম। আমরা চাই, সে আবারও নির্বাচনে ফিরে আসুক। সে আমার শত্রু নয়, প্রতিযোগী। আগে শত্রু ছিল একটি, আর এখন বহুমুখী শত্রুর কবলে বাংলাদেশ।’

সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘একটি সংগঠিত মহল সুপরিকল্পিতভাবে বিএনপি নেতাদের ওপর দায় চাপাতে এই হামলার নকশা তৈরি করেছে। এই মাস্টারপ্লান এখন ধীরে ধীরে দিনের আলোতে পরিষ্কার হয়ে যাচ্ছে। জনগণ বুঝে গেছে, প্রশাসনও বুঝে গেছে, কারা এই ভয়ংকর ষড়যন্ত্রের নায়ক।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে পুনরায় নয়াপল্টনে এসে শেষ হয়।

জেলায় জেলায় বিএনপির প্রতিবাদ মিছিল

ঠাকুরগাঁও প্রতিনিধি : হাদিকে গুলির প্রতিবাদে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহর চৌরাস্তায় অবস্থান নেন নেতাকর্মীরা। এখানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুল ইসলাম মুন্না, ছাত্রদলের সভাপতি কায়েসসহ অন্যরা বক্তব্য রাখেন।

রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটিতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শহরের কাঁঠালতলী বিএনপির দলীয় কার্যালয় থেকে বের করা মিছিলটি শহরের বনরূপা বাজার ঘুরে দলীয় কার্যালয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক ও রাঙ্গামাটি আসনে বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু ও সহসভাপতি সাইফুল ইসলাম ভুট্টো বক্তব্য রাখেন।

জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। সকালে পৌর শহরের সফির মিয়ার বাজার এলাকায় বিএনপির দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব এবং শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান বক্তব্য রাখেন।

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : গত শুক্রবার রাতে দিনাজপুরের হাকিমপুরে হিলি বাজারের খাদ্যগুদাম মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে হাকিমপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক ওহেদুর রহমান রিপন ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন বক্তব্য রাখেন।

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বক্তব্য দেন বিএনপি চেয়ারপানসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, কেন্দ্রীয় সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর হেনা, সাবেক এমপি আলহাজ কাজী রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ফজলুল বারী তালুকদার বেলাল, সহসভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহম্মেদ খান রুবেল, তাহা উদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি, জাহিদুল ইসলাম হেলাল প্রমুখ।

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিবাদ মিছিল করে বিএনপি। বেলা ১১টায় বিএনপির মনিরামপুর দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়। এ সময় হাদির ওপর আক্রমণকারীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়।

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপি। শহর প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে সমাবেশ করে। সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছার সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা বিএনপি। সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিকবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।

নাটোর প্রতিনিধি : বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, হাদিসহ বিভিন্ন হামলায় শেখ হাসিনা ও আওয়ামী লীগ জড়িত। গতকাল বেলা ১১টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘শেখ হাসিনার নির্দেশে হত্যার চেষ্টা করেছে, বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে বানচাল করার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে। এখন থেকে সব ভেদাভেদ ভুলে আমাদের সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে।’

সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী এলাকায় নাটোর প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

মুন্সীগঞ্জ প্রতিনিধি : হাদিকে গুলি করার সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন মুন্সীগঞ্জ-১ আসনের (শ্রীনগর-সিরাজদীখান) বিএনপি দলীয় প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ। গতকাল দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখানে উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে বক্তৃতায় তিনি এ দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজদীখান উপজেলা বিএনপির সহসভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল ও মোতাহার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম সিদ্দিক মোল্লা, কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি নাছিম খান প্রমুখ।

সামাজিক সংগঠনের দোয়া প্রতিবাদ

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা : বিরামপুরে নির্দলীয় ছাত্র-জনতার ব্যানারে বিশেষ দোয়া করা হয়েছে। বেলা সাড়ে ১১টায় বিরামপুর ঢাকা মোড়ে বিক্ষোভ শেষে হাদির সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন, হাফেজ নূর মোহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন, ২৪-এর জুলাই আন্দোলনের ছাত্র নেতা ফরিদুল ইসলাম, তোজাম্মেল হক, মোসাব্বির অর্ক, আবুল কালাম আজাদ, মারুফ মোরশেদ প্রমুখ।

হাদির ওপর গুলি সার্বভৌমত্বে আঘাত : স্বাধীনতা সুরক্ষা মঞ্চ

হাদিকে গুলি করে হত্যার চেষ্টা দেশের সার্বভৌমত্বের ওপর হামলার ধারাবাহিক প্রচেষ্টার অংশ বলে জানিয়েছে স্বাধীনতা সুরক্ষা মঞ্চ। একই সঙ্গে এ ঘটনায় খুনিচক্রকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে সংগঠনটি। গতকাল স্বাধীনতা সুরক্ষা মঞ্চের সদস্য সচিব শামস উদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, জুলাইয়ের পর থেকেই বাংলাদেশের বিরুদ্ধে জুলাইবিরোধী শক্তি নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। ওসমান হাদিকে হত্যার চেষ্টা সেই ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত