দিল্লি-আগ্রা সড়কে দুর্ঘটনায় নিহত ৪, আহত ২৫

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮ পিএম

ঘন কুয়াশার কারণে দিল্লি-আগ্রা সংযোগকারী যমুনা এক্সপ্রেসওয়েতে একাধিক যানবাহনের সংঘর্ষে চারজন নিহত এবং অন্তত পঁচিশ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে উত্তর প্রদেশের মথুরা জেলার বালদেব থানার আওতাধীন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
 
পুলিশ জানায়, ভোর সাড়ে চারটার দিকে আগ্রা-নয়ডা অভিমুখী লেনে তীব্র কুয়াশা ও অত্যন্ত কম দৃশ্যমানতার মধ্যে অন্তত সাতটি বাসসহ বেশ কয়েকটি ছোট যানবাহন পরপর সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পর কয়েকটি যানবাহনে আগুন ধরে যায়।
 
মথুরার পুলিশ সুপার (এসএসপি) শ্লোক কুমার হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলের ভিডিও ও ছবিতে দেখা যায়, আগুনে পুড়ে বেশ কয়েকটি বাস সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়ক থেকে পোড়া যানবাহন সরাতে ক্রেন ব্যবহার করা হয়। আটকে পড়া যাত্রীদের সরকারি যানবাহনে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে।

দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়ের ওই অংশে যান চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে বিকল্প পথে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে এবং উদ্ধার ও পরিষ্কার কার্যক্রম অব্যাহত রয়েছে।

ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ ও উদ্ধারকাজ দ্রুততর করার নির্দেশ দেন। পাশাপাশি আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার কথাও বলেন। মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত