দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন, বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা নুজহাত আনোয়ার। গতকাল বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
ডিএসই জানিয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আজ (গতকাল) ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নুজহাত আনোয়ারের নিয়োগ অনুমোদন করেছে।
নুজহাত আনোয়ারের আর্থিক বাজার, ব্যাংকিং এবং উন্নয়ন অর্থায়নে বিষয়ে দুই দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি বিশ্বব্যাংক ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনে (আইএফসি) কাজ করেছেন। এ সময় তিনি আফ্রিকা এবং দক্ষিণ এশিয়া জুড়ে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এ ছাড়া বাংলাদেশ, ভুটান এবং নেপালে বিশ্বব্যাংকের সিনিয়র কান্ট্রি অফিসার হিসেবে কাজ করেছেন তিনি। মূলধন ব্যবস্থাপনা, ট্রেজারি এবং লেনদেন পরিষেবা, পোর্টফোলিও অপ্টিমাইজেশন এবং বাজার অ্যাডভোকেসিতে গভীর দক্ষতা রয়েছে তার। কর্মজীবনের শুরুতে তিনি সিটি ব্যাংক বাংলাদেশ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে বিভিন্ন উচ্চপদস্থ ব্যবস্থাপনা পদে ১৬ বছর অতিবাহিত করেছেন।
নুজহাত আনোয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য (অর্থ) বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
