খুলনায় সাংবাদিককে গুলি করে হত্যা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৯ এএম

খুলনা আড়ংঘাটা থানার শলুয়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক এমদাদুল হক মিলন (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় দেবা (৪৩) নামে একজন আহত হয়েছেন। মিলন একটি অনলাইন পত্রিকায় কাজ করতেন এবং আড়ংঘাটা প্রেস ক্লাবের সেক্রেটারি ছিলেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আড়ংঘাটায় এ ঘটনা ঘটে। আড়ংঘাটা থানার ওসি শাহজাহান আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এমদাদুল হক মিলন শলুয়া বাজারে অবস্থিত জনতা ব্যাংকের পাশে চায়ের দোকানে বসে ছিলেন। রাত সাড়ে ৯টার দিকে দুটি মোটরসাইকেলে চারজন দুর্বৃত্ত এসে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন।

মিলন খুলনার বর্তমান সময় নামে একটি অনলাইন নিউজ পোর্টালে কর্মরত ছিলেন। চায়ের দোকানে বসে থাকা দেবা নামে অন্য একজন আহত হন। তাকে খুমেক হাসপাতালে সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

আড়ংঘাটা থানার ওসি শাহজাহান আহমেদ জানান, তারা অপরাধীদের ধরতে অভিযান শুরু করেছেন। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত