শ্যামলীতে আড়ংয়ের ৩২তম আউটলেটের উদ্বোধন

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৩ পিএম

শ্যামলীতে আড়ংয়ের ৩২তম আউটলেটের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (২২ ডিসেম্বর) আড়ংয়ের এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল রিটেইল ব্র্যান্ড আড়ং গর্বের সঙ্গে ঘোষণা করছে ঢাকার শ্যামলীতে উদ্বোধন করল তাদের ৩২তম আউটলেট। চার তলা জুড়ে প্রায় ১৯,০০০ বর্গফুট জায়গায় বিস্তৃত এই নতুন আউটলেটটি ঢাকার অন্যতম প্রাণবন্ত এলাকায় ক্রেতাদের জন্য এক পরিপূর্ণ কেনাকাটার অভিজ্ঞতা নিয়ে আসছে।

বলা হয়েছে, শ্যামলী আউটলেটে আড়ংয়ের সব সাব-ব্র্যান্ড তাগা, তাগা ম্যান এবং আড়ং আর্থ -এর পাশাপাশি রয়েছে হাতে তৈরি পোশাক, গয়না, হোম ডেকর, অ্যাকসেসরিজ ও স্কিনকেয়ার পণ্যের সমৃদ্ধ সংগ্রহ। 

জানা যায়, এই আউটলেটটিতে রয়েছে গ্রাসরুটস ক্যাফে, যেখানে ক্রেতারা বাংলাদেশের কারুশিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনের মধ্য দিয়ে আরামদায়ক পরিবেশে সময় কাটাতে পারবেন।

বিজ্ঞপ্তিতে ব্র্যাক এন্টারপ্রাইজেস-এর ম্যানেজিং ডিরেক্টর তামারা হাসান আবেদ বলেন,আমাদের বহু প্রতীক্ষিত শ্যামলী আউটলেটের উদ্বোধন ঢাকার ক্রম পরিবর্তনশীল নগর জীবনের প্রতিচ্ছবি। শ্যামলীতে এই নতুন পদচারণা আমাদের কমিউনিটিগুলোকে আরও সহজভাবে সেবা দেওয়ার পাশাপাশি দীর্ঘদিনের বিশ্বস্ত এবং নতুন উভয় ধরনের ক্রেতার সঙ্গে আরও গভীর সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করবে।

ব্র্যাক-এর একটি সামাজিক উদ্যোগ হিসেবে আড়ং দেশের গ্রামীণ কারুশিল্পী ও কমিউনিটিগুলোকে ক্ষমতায়নের পাশাপাশি বাংলাদেশের কারুশিল্পের ঐতিহ্য উদযাপন এবং হস্তশিল্পের প্রসারে তার অঙ্গীকার অব্যাহত রেখেছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত