মানবতাবিরোধী অপরাধ

কারাদ- থেকে খালাস চেয়ে চৌধুরী মামুনের আপিল

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৩ এএম

জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় ব্যাপক হত্যাকান্ডসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাদ-প্রাপ্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আপিল করেছেন। গত ১৭ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিভিন্ন যুক্তি দেখিয়ে পাঁচ বছর কারাদন্ডাদেশ থেকে খালাস চেয়েছেন তিনি। তবে আপিলকারীর কোনো আইনজীবী ছিলেন না এবং আপিল বিভাগের একজন ‘অ্যাডভোকেট অন রেকর্ড’র মাধ্যমে এ আপিল করা হয়েছে বলে তার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

এ মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে রাজসাক্ষী (অ্যাপ্রুভার) হিসেবে সাক্ষ্য দিয়েছিলেন। আপিলকারী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে সংশ্লিষ্ট সহায়তা করা একজন ঘনিষ্ঠ আত্মীয়র নাম না প্রকাশের অনুরোধ জানিয়ে গতকাল সোমবার দেশ রূপান্তরকে বলেন, ‘আপিলের নির্ধারিত সময়ের আগেই আমরা ১৭ তারিখ (১৭ ডিসেম্বর) আপিল করেছি। আইনজীবী ছাড়াই ‘অ্যাডভোকেট অন রেকর্ড’র মাধ্যমে আপিল করা হয়েছে।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিধান অনুযায়ী, ট্রাইব্যুনালে কোনো আসামি সাজাপ্রাপ্ত হলে এবং তিনি কারাগারে থাকলে রায়ের অনুলিপি পাওয়ার এক মাসের মধ্যে আপিল বিভাগে আপিল করতে পারেন। তবে, সাজাপ্রাপ্ত কিন্তু পলাতক আসামিরা এ সুযোগ পান না। গত ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদন্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলেও রাজসাক্ষী হিসেবে অভিযোগের সত্য ও পূর্ণাঙ্গ তথ্য দেওয়ায় তাকে পাঁচ বছর কারাদন্ডাদেশ দেয় আদালত। সাজার রায়ের পর নির্ধারিত সময়ের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল আপিল করেননি। ইতিমধ্যে মানবতাবিরোধী অপরাধের মামলায় যে অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদন্ডাদেশ দেওয়া হয়েছিল তাতে দুজনের মৃত্যুদন্ড চেয়ে প্রসিকিউশন আপিল বিভাগে আপিল করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত