তারেক রহমানের ফেরা

নিরাপত্তার চাদরে ৩০০ ফিটের সংবর্ধনাস্থল

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:২৭ এএম

আগামীকাল বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৭ বছর পর তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা দিতে দলটি ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। দফায় দফায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করছেন সংবর্ধনায় গঠিত বিএনপির কমিটিসহ অন্যান্য কমিটির সদস্যরা। ইতিমধ্যে তার সংবর্ধনায় যোগ দিতে ঢাকার বাইরে থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। রাজধানীর ৩০০ ফিটে তৈরি করা হচ্ছে অভ্যর্থনা মঞ্চ।

তারেক রহমানকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় মিছিল করেছেন ঢাবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দর এলাকায় দর্শনার্থী প্রবেশ ও ড্রোন ওড়ানোতে নিষেধাজ্ঞা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিমানবন্দরের আশপাশ এলাকার গার্মেন্টস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিজিএমইএ কর্তৃপক্ষ।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দলটির গঠিত কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ দেশ রূপান্তরকে বলেন, ‘তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের জন্য আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি। প্রতিমুহূর্তে চলছে আলোচনা-পর্যালোচনা। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার আগপর্যন্ত আমাদের প্রস্তুতির কাজ চলবে।’

গতকাল মঙ্গলবার সংবর্ধনা মঞ্চ তৈরির কাজ পরিদর্শনে গিয়েছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। পরিদর্শন শেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ‘ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সংবর্ধনা অনুষ্ঠানে ৫০ লাখ মানুষের সমাগম হবে।’

রিজভী বলেন, ‘আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান আসবেন। আজকেই আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জেলা থেকে লোক আসা শুরু হয়েছে। সুতরাং ২৫ ডিসেম্বর এখানে মানুষের মহামিলন ও মহামেলায় পরিণত হবে। এ ব্যাপারে আমরা নিশ্চিত। যে জনসমাগম হবে, তাদের সংবর্ধনা নেওয়ার পর তার (তারেক রহমান) মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যিনি দীর্ঘদিন নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন, আজকে হাসপাতালে চিকিৎসাধীন, তাকে দেখে তিনি বাসায় যাবেন। তার নিরাপত্তার প্রথম দায়িত্ব সরকারের, এরপর দলের। দলের পক্ষ থেকে তার নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। দায়িত্বপ্রাপ্তরা কাজ করছেন।’

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানিয়েছেন, তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে নিরাপত্তা চাদরে ঢেকেছে রূপগঞ্জ উপজেলার পূর্বাচলের ৩০০ ফিট ও আশপাশ এলাকা। নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাদা পোশাকে পূর্বাচল উপশহর ও রূপগঞ্জ উপজেলার আশপাশ এলাকায় অবস্থান নিয়েছেন। এ ছাড়া পূর্বাচল ও ঢাকাগামী যানবাহনে চেকপোস্ট বসিয়ে যানবাহন চেক করা হচ্ছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সরব রয়েছেন।

এরই মধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পূর্বাচল ও রূপগঞ্জ উপজেলা ৩০০ ফিট সড়কে অবস্থান নিয়েছে। অন্যান্য জেলার পাশাপাশি রূপগঞ্জ উপজেলার নেতাকর্মীরাও পূর্বাচলে অবস্থান নিতে শুরু করেছেন। বরিশাল, পটুয়াখালী, ফরিদপুর ও আশপাশ এলাকা থেকে লঞ্চে করে নেতাকর্মীরা রূপগঞ্জ উপজেলা শীতলক্ষ্যা নদীর কাঞ্চন ব্রিজের পশ্চিমপাড়ে নেমে পূর্বাচলে যাবেন। সিলেট ও আশপাশ এলাকা থেকে আসা নেতাকর্মীদের যানবাহন রাখা হবে রূপগঞ্জের কাঞ্চন ব্রিজের পূর্বপাড়ে। সেখান থেকেই নেতাকর্মীরা পূর্বাচলের দিকে যাবেন। এ কারণে রূপগঞ্জ উপজেলা প্রশাসনও উপজেলা বিভিন্ন স্থানে চেক বসিয়েছে।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে দেশের দূর-দূরান্ত থেকে নেতাকর্মী পূর্বাচলে আসবেন। এ কারণে নেতাকর্মীদের জন্য শতাধিক ভ্রাম্যমাণ টয়লেট, ৫০টি পানি পানের পাত্র, শুকনো খাবার, চারটি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও তৎপর রয়েছেন।

বিমানবন্দরে ২৪ ঘণ্টা দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা : বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তাজনিত কারণে ২৪ ঘণ্টা দর্শনার্থী নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার সন্ধ্যা থেকে পরদিন বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত শাহজালাল বিমানবন্দরে শুধু টিকিট ও পাসপোর্টধারী যাত্রীরা ঢুকতে পারবেন বলে জানিয়েছে তারা। গতকাল মঙ্গলবার বিমানবন্দরের নির্বাহী পরিচালকের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবা, নিরাপত্তা এবং অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সংশ্লিষ্ট সব যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দর এলাকায় নির্ধারিত যাত্রী ব্যতিত সব সহযাত্রী বা ভিজিটর প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এ ছাড়া বিভিন্ন এয়ারলাইনসের পক্ষ থেকে ওইদিনের যাত্রীদের আগেভাগেই বিমানবন্দর বা তার আশপাশের এলাকায় এসে অবস্থান করার জন্য বলা হয়েছে।

ড্রোন ওড়ানোতে নিষেধাজ্ঞা : জাতীয় নিরাপত্তা ও নিরাপদ বিমান চলাচলের স্বার্থে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ সব বিমানবন্দর ও তৎসংলগ্ন এলাকায় ড্রোন উড্ডয়ন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। গতকাল সংস্থাটি এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা ২০২০ অনুযায়ী অনুমোদনহীন ড্রোন উড্ডয়ন বিমানবন্দর এলাকায় সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তবে, গত ১৯ ডিসেম্বর শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ বিমানবন্দরে গ্রহণের সময় তিনজন উপদেষ্টা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতিতিতে কিছু ইলেকট্রনিক মিডিয়া অনুমোদন ছাড়াই ড্রোন উড্ডয়ন করে ছবি ধারণ করে। এ ধরনের কার্যক্রম বিমান চলাচলের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

আমরা প্রস্তুতি নিচ্ছি আমিনুল হক : ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক দেশ রূপান্তরকে বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে। কর্মসূচির এলাকা পড়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপির আওতাধীন এলাকায়। তাই দলের শীর্ষ নেতাদের নির্দেশনায় মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে আমরা দায়িত্ব পালন করব। এখানে যে কয়টি সংসদীয় আসন রয়েছে, তার প্রার্থীরা নিজ নিজ এলাকায় দায়িত্ব পালন করছি। বিমানবন্দরে নামা থেকে শুরু করে সংবর্ধনাস্থল, এভারকেয়ার হাসপাতাল, ৩০০ ফিটে সংবর্ধনাস্থলসহ গুলশানের বাসভবনে ফেরা পর্যন্ত আমরা থাকব।’

ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দেশ রূপান্তরকে বলেন, ‘আমার বিভাগের আওতাধীন জেলাগুলোর নেতাকর্মীদের মধ্যে যাদের রাজধানীতে নিজস্ব থাকার জায়গা রয়েছে, তারা ইতিমধ্যে চলে এসেছেন। অন্যরা বুধবার রাতের মধ্যে ঢাকায় চলে আসবেন।’

চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, ‘নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত দল ও কেউ কেউ নিজেদের উদ্যোগে বাস-ট্রেন-বিমানসহ যে যার সাধ্যমতো আসবেন। আমার বিভাগ থেকে অন্তত পাঁচ লাখ নেতাকর্মী ঢাকায় আসবেন।’

এদিকে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সাংবাদিক আতিকুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশের ফেরার সার্বিক প্রস্তুতির বিষয়ে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে একের পর এক বৈঠক করছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। এখান থেকেই সংশ্লিষ্টদের বিভিন্ন রকম নির্দেশনা দেওয়া হচ্ছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সার্বিক বিষয় দেখছেন ও প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।’

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের স্বাগত মিছিল : তারেক রহমানের প্র্রত্যাবর্তন উপলক্ষে শুভেচ্ছা ও স্বাগত মিছিল করেছে ঢাবি শাখা ছাত্রদল। গতকাল বিকেলে টিএসসি থেকে মিছিলটি শুরু হয়। পরে ভিসি চত্বর ও হলপাড়া হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রোকেয়া হলের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় নেতাকর্মীদের ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘জিন্দাবাদ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ’, ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা ও স্বাগতম’সহ বিভিন্ন সেøাগান দিতে দেখা যায়।

বিমানবন্দরের পাশর্^বর্তী গার্মেন্টস বন্ধ রাখার অনুরোধ বিজিএমইএর : তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পার্শ্ববর্তী গার্মেন্টস কারখানা বন্ধ রাখতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। গতকাল সংগঠনটির পক্ষ থেকে তাদের সদস্যদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিএমইএ মনে করে, তারেক রহমানের আগমন উপলক্ষে উত্তরা (পূর্ব-পশ্চিম), উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত, আবদুল্লাপুর, তুরাগ, টঙ্গী, পুবাইল, রূপগঞ্জ, কাঞ্চন ব্রিজ ও আশুলিয়া এলাকার (পূর্বাংশ) কারখানাগুলোর বাসযোগে শ্রমিক যাতায়াত এবং জরুরি আমদানি-রপ্তানি মালামাল পরিবহনে বিঘœ ঘটতে পারে। ফলে ওইদিন ছুটি বিবেচনায় শ্রমিকপক্ষের সঙ্গে আলোচনা করে আগে বা পরে যেকোনো এক দিন সমন্বয় করার জন্য কারখানা মালিকদের অনুরোধ করেছে সংগঠনটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত