চলচ্চিত্রের চালচিত্র ২০২৫

হতাশার জোয়ারে সম্ভাবনার ভাটা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:০৫ এএম

শেষ হয়ে এলো আরও একটি কর্মচঞ্চল বছর। প্রতিবারের মতো এবারও বছর শেষে প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব। ঘটনাবহুল বিনোদনজগতেও ছিল কষ্ট-সুখের নানা খবর। তবে বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম চলচ্চিত্র ছিল আরও বেশি চঞ্চল। এ বছর ছোটপর্দার অনেক চাহিদাসম্পন্ন শিল্পী ও কলাকুশলীদের সাবলীল উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে ব্যবসায়িক দিক বিবেচনায় চলচ্চিত্রের এবারের বছরটিও ছিল হতাশার। এবারও সেই হতাশা থেকে চলচ্চিত্রশিল্পের হাল ধরেছিলেন চিত্রনায়ক শাকিব খান। লিখেছেন জাহাঙ্গীর বিপ্লব

বরাবরের মতো এবারও হতাশা দিয়েই শুরু হয় চলচ্চিত্রশিল্পের চলতি বছর। সিনেমার মুক্তির সংখ্যা পঞ্চাশকে স্পর্শ করতে পারেনি। মাত্র সাতচল্লিশেই থেমে যায় ছবিমুক্তির তালিকা। আর এই তালিকায় চোখ বোলালে দেখা যায়, হাতেগোনা কয়েকটি বাদে সবগুলো ‘এলেবেলে’ ঘরানার সিনেমা। যেগুলোর বেশিরভাগই সুপারফ্লপ। টিকিট কাটার জন্য যেমন দর্শককে মরিয়া হতে দেখা গেছে, এমনকি টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরে যেতেও হয়েছে অনেককে। উল্টোদিকে মুক্তির পর টানা তিনদিন কোনো টিকিট বিক্রি না হওয়ার বিরল রেকর্ডেরও ঘটনা ঘটেছে এ বছর। প্রথম সপ্তাহে (৩ জানুয়ারি ) ‘মধ্যবিত্ত’ সিনেমার মাধ্যম খোলা হয় ২০২৫ সালের মুক্তিপ্রাপ্ত সিনেমার খাতা। সর্বশেষ আজ (শুক্রবার) আহমেদ হাসান সানি পরিচালিত ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ মুক্তির মাধ্যমে শেষ হতে যাচ্ছে বছরের চলচ্চিত্র মুক্তির তালিকা। প্রথম ছবিসহ বছরের শুরুর থেকে ঈদ পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর ‘মেকআপ’, ‘কিশোর গ্যাং’ ও ‘রিকশা গার্ল’, ‘জ্বলে জ্বলে তারা’, ‘ময়না’, ‘দায়মুক্তি’ ও ‘বলী’ কোনোটাই দর্শক টানতে পারেনি। তবে ব্যবসার মন্দাভাবকে চাঙা করে ঈদুল ফিতর ও ঈদুল আজহা। বলা চলে এই দুই উৎসবের ওপর ভর করেই টিকে থাকে সিনেমাশিল্প। দুই ঈদে বড় বড় বাজেটের ডজনখানেক সিনেমা মুক্তি পায় এবার। সেখান থেকে বেশ কিছু সিনেমা ব্যবসায়িকভাবে সফল হওয়ার পাশাপাশি কয়েকটি সিনেমা আলোচনায় উঠে আসে। ঈদুল ফিতরে মুক্তি পাওয়া বরবাদ, জংলি, দাগি, চক্কর, অন্তরাত্মা, জ্বীন ৩- এসব ছবির মধ্যে আলোচনার তুঙ্গে ছিল শাকিব খান অভিনীত বরবাদ সিনেমাটি। যদিও ১৫ কোটি বাজেটের এই সিনেমা কতটা ব্যবসা করেছে সে হিসাব আজও জানাতে পারেননি প্রযোজক। তবে সিনেমাটির নির্মাণ, উন্নত প্রযুক্তির ব্যবহার ও গল্প বলার ভিন্নতা সব মিলিয়ে এ বছরের সেরা সিনেমার তকমা যেন ছিনিয়ে নেয়। এই অভিনেতার অন্য সিনেমা অন্তরাত্মা পুরাই মুখথুবড়ে পড়ে। অন্যদিকে সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ ছিল এই ঈদের অন্যতম আলোচিত সিনেমা। সিনেমাটি দিয়ে নতুন করে প্রাণ পান নায়ক। প্রযোজনা প্রতিষ্ঠান দাবি করেছে, এই সিনেমাও ব্যবসাসফল। সিনেমা হল থেকেই মূলধনসহ লাভ তুলে এনেছে। আফরান নিশো অভিনীত দাগি সিনেমাটিও মোটামুটি ব্যবসা করে। যদিও সিনেমাটির প্রযোজক মুক্তির সপ্তাহখানেক পরই ব্লকবাস্টার হিট বলে দাবি করেন। রোজার ঈদে প্রচারে নানা রকম চমক দেখালেও দর্শকের আগ্রহ তৈরি করতে পারেনি ‘জ্বিন-৩’।

রোজার ঈদের মতো কোরবানির ঈদেও মুক্তি পায় ছয়টি সিনেমা। এই ঈদেও বাজিমাত করেন শাকিব খান। তার ‘তাণ্ডব’ মুক্তির পরই শোরগোল ফেলে দেয় দর্শকমহলে। ব্যবসাও করে ধুন্ধুমার। কিন্ত কয়েকদিন পর হঠাৎ পাইরেসি হওয়ার কারণে ভাটা পড়ে ব্যবসার। ছবিতে শাকিব খানের ব্যতিক্রমী লুক, জয়া আহসানের উপস্থিতি, নায়িকা হিসেবে সাবিলা নূরের অভিষেক, সিয়াম-নিশোর ক্যামিও- সব মিলিয়ে আলোচনার জন্ম দেয় সিনেমাটি। ঈদের আরেক সিনেমা ‘উৎসব’ও বেশ হইচই ফেলে। অন্যদিকে ‘ইনসাফ’-এ শরিফুল রাজের বাণিজ্যিক প্রত্যাবর্তন ও তাসনিয়া ফারিণের নাম আলোচনায়

থাকলেও ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়। একই অবস্থা হয় ‘নীলচক্র’ ‘এশা মার্ডার : কর্মফল’ ও ‘টগর’-এর বেলাতেও।

এ ছাড়া চলতি বছর মুক্তি পাওয়া ‘জয়া আর শারমিন’ ও ‘আন্তঃনগর’ ঈদুল ‘অন্যদিন’, ‘আলী’, ‘উড়াল’ ও ‘জলরঙ’, ‘বাড়ির নাম শাহানা’, ‘সাবা’, ‘ফেরেশতে’, ‘উদীয়মান সূর্য’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘আমার শেষ কথা’, ‘ডট’, ‘নন্দিনী’কোনোটির ভাগ্যেই সাফল্য জোটেনি। বছরের শেষের দিকে মুক্তি পাওয়া বান্ধব, ব্যাচেলর ইন ট্রিপ, অন্ধকারে আলো, ডাইরেক্ট অ্যাটাক, সাত ভাই চম্পা, কন্যা, বেহুলা দরদীও দর্শকক টানতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। গত মাসে মুক্তি পাওয়া ‘দেলুপি’ দর্শক না টানলেও সুধীমমহলে প্রশংসা কুড়িয়েছে। ‘সাইলেন্স : আ মিউজিক্যাল জার্নি’, ‘মন যে বোঝে না’, ‘গোয়ার’ মুক্তি পাওয়া সিনেমাগুলো কেবল সংখ্যাই বাড়িয়েছে। বছরের একেবারে শেষের মাস ডিসেম্বরে মুক্তি পেল ‘খিলাড়ী’। আর আজ মুক্তি পাওয়া বছরের শেষ সিনেমাটিও হতাশ করবে দর্শককে এমনটিই ধারণা চলচ্চিত্র বিশ্লেষকদের। সবমিলিয়ে বলা চলে মাঝখানে সম্ভাবনার দেখা মিললেও বছরের শেষের দিকে সেই হতাশাতেই নিমজ্জিত দেশীয় চলচ্চিত্রশিল্প।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত