গুরুত্ব ছিল আন্তর্জাতিক গণমাধ্যমেও

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৬:১৮ এএম

১৭ বছর পর প্রবাসজীবন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার এ প্রত্যাবর্তন শুধু দেশীয় সংবাদমাধ্যমেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আগ্রহ ও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে শিরোনামে উল্লেখ করা হয়, দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে বাংলাদেশের বিরোধীদলীয় নেতা দেশে ফিরেছেন।

অ্যাসোসিয়েট প্রেস (এপি) লিখেছে, তারেক রহমান লন্ডন থেকে নিজ দেশে ফিরে এসে সমর্থকদের উদ্দেশে নিরাপদ বাংলাদেশ গড়া এবং শান্তি ও ঐক্য ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন। রাজনৈতিকভাবে সংবেদনশীল একটি সময়ে তিনি দেশে ফিরেছেন, যখন একটি অস্থায়ী প্রশাসনের অধীনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তার দেশ।

একইভাবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে তারেক রহমানকে সামনে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে তুলে ধরে। রয়টার্সের প্রতিবেদনে তার দেশে ফেরাকে নির্বাচনী রাজনীতির গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বর্ণনা করা হয়েছে।

তারেক রহমানের দেশে ফেরাকে বাংলাদেশের নতুন বছরের রাজনৈতিক মূল ইভেন্ট হিসেবে দেখছে দ্য ইনডিপেনডেন্ট। প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর স্বেচ্ছানির্বাসন শেষে বৃহস্পতিবার বাংলাদেশে ফিরেছেন। ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সংসদ নির্বাচনের আগে তার ফেরাকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে দেখা হচ্ছে। কড়া নিরাপত্তায় তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে ঢাকায় পৌঁছান। বিমানবন্দর থেকে তার সংবর্ধনাস্থল পর্যন্ত বিপুল সমর্থকের ঢল নেমেছিল। সমাবেশে তিনি নিরাপদ, শান্তিপূর্ণ ও ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন।

পাকিস্তানের প্রভাবশালী দৈনিক দ্য ডনও তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে আলাদা সংবাদ প্রকাশ করে। সেখানে নির্বাচনের আগে ১৭ বছরের নির্বাসন শেষে তার দেশে ফেরার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিও এই ঘটনাকে উল্লেখযোগ্য হিসেবে দেখেছে এবং দীর্ঘ ১৭ বছর পর তার দেশে ফেরার খবর শিরোনামে তুলে ধরেছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোতেও তারেক রহমানের প্রত্যাবর্তন ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। এনডিটিভি এ নিয়ে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করে, ১৭ বছর পর তিনি স্ত্রী, কন্যা ও পোষা প্রাণীসহ দেশে ফিরেছেন। পাশাপাশি হিন্দুস্তান টাইমস, দ্য হিন্দুসহ আরও বেশ কয়েকটি ভারতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত