অগ্নিবীমার সমন্বিত সুরক্ষা (ফায়ার প্যাকেজ) রেট অনুমোদনের জন্য আবেদন দাখিলের ক্ষেত্রে নন-লাইফ বীমা কোম্পানিগুলোর জন্য ৮ দফা নির্দেশনা জারি করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সম্প্রতি ইস্যু করা এ-সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত গাইডলাইন ও প্রয়োজনীয় আনুষঙ্গিক কাগজপত্র ছাড়া আবেদন দাখিলের কারণে কর্তৃপক্ষের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
চিঠিতে বলা হয়েছে, কিছু নন-লাইফ বীমা কোম্পানি ফায়ার প্যাকেজ রেট অনুমোদনের জন্য আবেদন দাখিলের সময় নন-লাইফ সার্কুলার নম্বর এফ-১২২/২০১০, তারিখ-২৮ নভেম্বর ২০১০ এবং নন-লাইফ সার্কুলার নম্বর ৮৮/২০২২, তারিখ-১৩ জুন ২০২২-এর আলোচ্য সূচি-২৩-এ বর্ণিত প্যাকেজ রেট গাইডলাইন যথাযথভাবে অনুসরণ করছে না। ফলে আবেদন যাচাই ও অনুমোদন প্রক্রিয়ায় অনাকাক্সিক্ষত জটিলতা সৃষ্টি হচ্ছে।
এ পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষের কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ভবিষ্যতে ফায়ার প্যাকেজ রেট অনুমোদনের জন্য আবেদন দাখিলের ক্ষেত্রে নন-লাইফ বীমা কোম্পানিগুলোকে বাধ্যতামূলকভাবে নির্ধারিত সার্কুলার অনুযায়ী সব তথ্য ও কাগজপত্র দাখিল করতে হবে।
যেসব নির্দেশনা মানতে হবে নন-লাইফ সার্কুলার নম্বর-এফ-১২২/২০১০, তারিখ-২৮ নভেম্বর ২০১০ অনুযায়ী সব তথ্যাদি দাখিল করতে হবে; নন-লাইফ সার্কুলার নম্বর- ৮৮/২০২২, তারিখ-১৫ ফেব্রুয়ারি ২০২২-এর আলোচ্যসূচি-২৩-এ প্যাকেজ রেটের গাইডলাইন-সংক্রান্ত সার্কুলার যথাযথভাবে অনুসরণ করতে হবে। আবেদনের সঙ্গে আলাদা এনেক্সার এ সাম ইনসুরড-এর বিস্তারিত ব্যাখ্যা দাখিল করতে হবে; রিইন্স্যুরেন্সের ক্ষেত্রে সাধারণ বীমা করপোরেশনের রিইন্স্যুরেন্সের স্বীকৃতিপত্র এবং ওভারসিজ রিইন্স্যুরেন্স ফ্যাক. একসেপটেন্স সিøপ সংযুক্ত করে দাখিল করতে হবে।
প্যাকেজ রেটের ক্যালকুলেশন শিট ট্যারিফ পেজ উল্লেখপূর্বক তথ্যাদি দাখিল করতে হবে; ইলেকট্রিক্যাল ক্লজ-বি এবং ভ্যালু/ সাম ইনসুরড উল্লেখপূর্বক তথ্যাদি দাখিল করতে হবে;
আবেদনের সঙ্গে ফায়ার পলিসি শিডিউল অবশ্যই দাখিল করতে হবে এবং এভারেজ রেট ক্যালকুলেশনের ক্ষেত্রে অবশ্যই সাম ইনসুরড ও ট্যারিফ রেট পেজ উল্লেখপূর্বক তথ্যাদি দাখিল করতে হবে।
নিয়ন্ত্রক কর্তৃপক্ষ জানিয়েছে, এ নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী সব ফায়ার প্যাকেজ রেট অনুমোদনের আবেদন এই নির্দেশনার আলোকে মূল্যায়ন করা হবে। আইডিআরএর নির্বাহী পরিচালক (নন-লাইফ) ও সিআরসির সদস্য সচিব মনিরা বেগম স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠিতে আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এসব নির্দেশনা জারি করা হয়েছে এবং অবিলম্বে এগুলো কার্যকর হবে।
