কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক নিয়ে চলাচলকারী ‘দ্য আটলান্টিক ক্রুজ’ জাহাজে অগ্নিকা- হয়েছে। এতে জাহাজে কর্মরত ঘুমন্ত এক কর্মী দগ্ধ হয়ে মারা গেছেন।
গতকাল শনিবার সকাল সাড়ে ৬টায় কক্সবাজার শহরের ২ নম্বর ওয়ার্ডের নুনিয়াছড়ার বিআইডব্লিউটিএ ঘাটসংলগ্ন বাঁকখালী নদীতে জাহাজটিতে আগুন লাগে। পরে দুপুর ১২টার দিকে নিয়ন্ত্রণে আনা হয়।
কক্সবাজার ফায়ার সাভিস স্টেশনের উপসহকারী পরিচালক ছৈয়দ মো. মোরশেদ হোসেন বলেন, নৌবাহিনীর সদস্যদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি।
আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়া ব্যক্তি নুর কামাল এবং তিনি ওই জাহাজের একজন ক্রু ছিলেন বলে নিশ্চিত করেছেন সি ক্রুজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর।
তিনি বলেন, প্রতিদিনের মতো সেন্টমার্টিন যেতে পর্যটক তোলার জন্য সকাল ৭টার দিকে ঘাটে আসছিল দ্য আটলান্টিক ক্রুজ জাহাজটি। হঠাৎ জাহাজের ভেতর থেকে ধোঁয়া উঠছিল। অল্পকিছুক্ষণ না যেতেই আগুনের লেলিহান শিখা দেখা যায়। আগুন নেভানোর কাজ চলমান রয়েছে।
এদিকে আগুন লাগার খবর শুনে তাৎক্ষণিক পরির্দশনে আসেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান।
তিনি জানান, জাহাজে আগুন লাগার কারণ জানতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন, সরকারি নির্দেশনা মতো পর্যটকদের জাহাজে ওঠা চেক করতে প্রশাসনের সংশ্লিষ্টরা ঘাট এলাকায় আসে। এর মধ্যে এ অনাকাক্সিক্ষত ঘটনা অবলোকন করা হয়। জাহাজটি পুরোই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, আগুন লাগার আগে কোনো পর্যটকরা জাহাজে ওঠেননি।
তিনি বলেন, এ জাহাজে যে পর্যটকরা সেন্টমার্টিন যাওয়া কথা ছিল তাদের অন্য জাহাজে পাঠানো হয়েছে।
