ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রামসহ সারা দেশের বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ। বিভাগীয় শহরগুলোয় সর্বাত্মক অবরোধ কর্মসূচির অংশ হিসেবে গতকাল রবিবার দুপুরে ঢাকার শাহবাগ, চট্টগ্রামের নতুন ব্রিজ, রাজশাহীর তালাইমারী, সিলেটের চৌহাট্টা, খুলনার শিববাড়ী মোড় ও বরিশালের নথুল্লাবাদে অবস্থান নিয়ে বিক্ষোভ হয়েছে।
এ ছাড়া, গাজীপুরের চান্দনা চৌরাস্তায়, নারায়ণগঞ্জের সাইনবোর্ডে, কুমিল্লার পূবালী চত্বরে সড়ক অবরোধ করা হয়। এতে রাজশাহী-ঢাকা, বরিশাল-ঢাকা, ময়মনসিংহ-ঢাকা ও চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঘোষিত সর্বাত্মক অবরোধ কর্মসূচির পর নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। কর্মসূচি অনুযায়ী আজ সোমবার সারা দেশ থেকে শিক্ষার্থীদের ঢাকায় আসায় আহ্বান জানানো হয়েছে। গতকাল রবিবার রাতে দিনের অবরোধ কর্মসূচি স্থগিত ঘোষণা করে চার দফা দাবি তুলে ধরে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।
চার দফা দাবি হলো ১. খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতাসহ পুরো খুনি চক্রের আগামী ২৪ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে। ২. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয়র ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। ৩. ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সব খুনিকে ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে। ৪. সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে।
পরবর্তী কর্মসূচি ঘোষণা করে আবদুল্লাহ আল জবের বলেন, ‘আগামীকাল (আজ সোমবার) দুপুর ২টায় দেশের সব বিশ্ববিদ্যালয়, কওমি ও আলিয়া মাদ্রাসা, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সচেতন জনগণকে ঢাকার শহীদ হাদি চত্বর (শাহবাগ) এসে অবস্থান গ্রহণের আহ্বান জানাচ্ছি।’
বিস্তারিত নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর শাহবাগে অবরোধ কর্মসূচি : শহীদ শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বেলা ২টার পর থেকে ঢাকার শাহবাগে অবরোধ শুরু করে ইনকিলাব মঞ্চ। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, বেলা ২টা থেকে অবরোধ শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১১টার মধ্যেই বিক্ষোভকারী ব্যক্তিরা শাহবাগ মোড়ে আসতে শুরু করেন। তারা মোড়ের পাশের সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেন। বেলা ২টার পর ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় বন্ধ করে দেয়। এতে শাহবাগ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, শাহবাগ মোড়ের মাঝখানে বসে আছেন এবং সেøাগান দিচ্ছেন নেতাকর্মীরা।
ইনকিলাব মঞ্চের নেতারা জানিয়েছেন, ওসমান হাদির খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। পরশু থেকে কনকনে শীত উপেক্ষা করে তারা সারা রাত শাহবাগে অবস্থান করছেন। বিক্ষোভকারীরা দাবি করছেন, হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং এর পেছনে থাকা কুশীলবদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। খুনিদের গ্রেপ্তারে প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না পাওয়া পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
এর আগে, গত শুক্রবার দুপুর থেকে ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে শাহবাগে টানা অবস্থান কর্মসূচি পালন করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও যোগ দিয়েছেন। গত শনিবার রাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুুল্লাহ আল জাবের আন্দোলন ছড়িয়ে দিতে বিভাগীয় শহরগুলোয় সর্বাত্মক অবরোধের ঘোষণা দেওয়ার পর তারা এলাকা ছাড়েন।
চট্টগ্রাম : বন্দরনগরী চট্টগ্রামের বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ এলাকায় বেলা ২টার দিকে ইনকিলাব মঞ্চ চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিটের ডাকে অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। চবি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক রাফসান রাকিব জানান, ন্যায়বিচার না পাওয়ায় তারা সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন। ওসমান হাদি হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। অবরোধ কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চলবে বলেও জানান তিনি।
এতে অংশ নেওয়া আপ বাংলাদেশের চট্টগ্রাম শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কোহিনুর আক্তার বলেন, ‘সরকার হত্যাকারীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে। আমরা ন্যায়বিচার দাবিতে সড়কে নেমেছি।’ নতুন ব্রিজ চৌরাস্তাটি শহরের সঙ্গে দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানকে শাহ আমানত সেতুর মাধ্যমে সংযুক্ত করে। অবরোধের কারণে এসব এলাকার মধ্যে যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে বলে জানান বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলায়মান।
খুলনা : খুলনায় বিকেল ৪টার দিকে শিববাড়ী মোড়ে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ইনকিলাব মঞ্চের আহ্বানে বিক্ষোভকারীরা শিববাড়ী মোড়ের পশ্চিম দিকের সড়ক অবরোধ করে সেখানে বসে পড়েন। অবস্থান কর্মসূচিতে নারী ও শিশুদেরও অংশ নিতে দেখা গেছে।
বিক্ষোভে অংশ নেওয়া রিয়াজুল করিম বলেন, ‘শহীদ হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। ন্যায়বিচার দাবিতে রাজপথ ছাড়ব না।’
বরিশাল : বরিশালে গতকাল বেলা সোয়া ৩টার দিকে নথুল্লাবাদ বাস টার্মিনালের সামনে অবরোধ শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তারা জানান, হাদি হত্যার বিচার দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বিক্ষোভ পালন করছেন। অবরোধের ফলে বরিশাল-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। একই সঙ্গে বরিশাল থেকে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, যশোর এবং অন্যান্য জেলার সঙ্গে সংযোগকারী প্রায় ৩২টি রুটে শত শত যানবাহন আটকা পড়ে।
রাজশাহী : রাজশাহী নগরীর তালাইমারী মোড়ে গতকাল বেলা আড়াইটার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। বিক্ষুব্ধরা হাদি হত্যার বিচার দাবিতে সেøাগান দেন। অবরোধে ব্যস্ত মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজট সৃষ্টি হয়।
সিলেট : সিলেটে বেলা ৩টার দিকে নগরীর প্রাণকেন্দ্র চৌহাট্টায় অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এতে শহরের ভেতরে যান চলাচল স্থবির হয়ে পড়ে।
গাজীপুর : গাজীপুরে গতকাল বেলা ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় শতাধিক বিক্ষোভকারী জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। গাজীপুর ট্রাফিক পুলিশের পরিদর্শক তারিকুল ইসলাম বলেন, ‘বেলা ৩টার দিক থেকে আন্দোলনকারীরা সড়কের এক পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেন।’ এতে মহাসড়কের দুই লেনের মধ্যে একটি লেন পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং অপর লেন দিয়ে ধীরে ধীরে যানবাহন চলাচল করে।
বাসন থানার ওসি হারুন অর রশিদ বলেন, ‘শান্তিপূর্ণভাবে বিক্ষোভ-সমাবেশ হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে একই সময় সাইনবোর্ড এলাকায় বাঁশ ও কাঠ ফেলে অবরোধ শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এতে দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ রয়েছে। দেখা দিয়েছে তীব্র যানজট।
এনসিপির জেলা কমিটির সদস্য জাবেদ আলম বলেন, ‘হাদির ওপর হামলার বিচার সারা দেশের মানুষ চায়। সেই বিচার দ্রুত করার দাবিতেই আজ (গতকাল) সবাই এখানে ব্লকেড কর্মসূচিতে আছি।’
সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশের একটি দল শুরু বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে। পরে প্রায় দেড় ঘণ্টা পর বিকেল সাড়ে ৪টার দিকে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন বলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান।
কুমিল্লা : হাদি হত্যার বিচার দাবিতে গতকাল বিকেলে কুমিল্লা শহরের পূবালী চত্বরে বিক্ষোভ শুরু করেন ইনকিলাব মঞ্চ, এনসিপি ও এবি পার্টির নেতাকর্মীরা। এতে অংশ নিয়ে কুমিল্লা মহানগর এনসিপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাশিদুল হাসান বলেন, ‘হাদি হত্যার বিচার না হলে অচিরেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করব।’
