তেল কোম্পানির অর্থ আত্মসাতে পাঁচ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৭:৪২ এএম

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের (এসএওসিএল) প্রায় দুই কোটি ৫৫ লাখ টাকার বেশি আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের উপপরিচালক (মানি লন্ডারিং) মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের হিসাব থেকে প্রায় দুই কোটি ৫৫ লাখ ১২ হাজার ২১৪ টাকা বিভিন্নভাবে হিসাবে স্থানান্তর ও আত্মসাৎ করেন। দুদকের অনুসন্ধানে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৪০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারার উল্লেখ করা হয়।

মামলার আসামিরা হলেন এসএওসিএলের কর্মকর্তা (এইচআর) আব্দুল্লাহ আল মামুন, উপব্যবস্থাপক (হিসাব) ও ডিপো ইনচার্জ মোহাম্মদ মাহমুদুল হক, গোল্ডেন সিফাত এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ গিয়াস উদ্দিন গিয়াস, আজহার টেলিকমের মালিক মো. সোহেল রানা এবং মেসার্স মদিনা কোয়ালিটির মালিক মো. মাসুদ মিয়া।

দুদকের অনুসন্ধান সূত্রে জানা গেছে, ২০১৮-১৯ অর্থবছরে এসএওসিএলের এলসি সংক্রান্ত লেনদেনের নামে প্রকৃত সরবরাহকারীর পরিবর্তে ভুয়া প্রতিষ্ঠানের অনুকূলে চেক ইস্যু করা হয়। পরে এসব চেকের অর্থ বিভিন্ন ব্যক্তিগত ও বাণিজ্যিক অ্যাকাউন্টে স্থানান্তর কিংবা নগদে উত্তোলন করে আত্মসাৎ করা হয়। অধিকাংশ ক্ষেত্রে কোনো এলসি খোলা হয়নি এবং লেনদেনগুলো কোম্পানির জেভি-০৮ ও জেনারেল লেজারে অন্তর্ভুক্ত করা হয়নি। পাঁচটি চেকের মধ্যে তিনটির অর্থ গোল্ডেন সিফাত এন্টারপ্রাইজ, আজহার টেলিকম ও মদিনা কোয়ালিটির অ্যাকাউন্টে জমা হয় এবং বাকি দুটি চেকের অর্থ নগদে উত্তোলন করা হয়। চেক জমাদানকারী হিসেবে আব্দুল্লাহ আল মামুনের নাম রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত