ভারত ইস্যুতে খাদ্য উপদেষ্টা

খাদ্য আমদানি রাজনৈতিকভাবে দেখা হবে না

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ১২:০৬ এএম

বাংলাদেশ ভারতের রাজনৈতিক টানাপড়েন নানা কারণেই এখন প্রকাশ্যে। চলতি সপ্তাহে ক্রিকেট ইস্যুতে এটা আরও জটিল সমীকরণে পৌঁছেছে। এ পরিস্থিতির মধ্যেও ভারত থেকে খাদ্যপণ্য আমদানিকে রাজনৈতিকভাবে দেখেন না বলে মন্তব্য করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, ‘ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপড়েনের প্রভাব খাদ্য পরিস্থিতির ওপরে পড়বে না। দুই দেশের মধ্যে এখনো বাণিজ্য চলমান রয়েছে।’

গতকাল রবিবার খাদ্য মন্ত্রণালয়ে মজুদ পরিস্থিতির ওপর আয়োজিত এক সংবাদ সম্মেলনে খাদ্য উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সরকার উপস্থিত ছিলেন। এ সময় খাদ্য উপদেষ্টা জানান, দেশে বিগত পাঁচ বছরের মধ্যে সরকারের ভা-ারে খাদ্যের মজুদ সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

আলী ইমাম মজুমদার বলেন, ‘ভারত থেকে আমরা চাল আমদানি করি। তারাও এটা বিক্রি করেন। বাজারটা কিন্তু ক্রেতা ও বিক্রেতা উভয়ের প্রয়োজনেই। বিক্রেতারও বাজারে আসতে হয়, কারণ তার বিক্রি করা দরকার আছে। আমরাও বাজারে যাই, আমাদের কেনার দরকার আছে। ঠিক তেমনভাবে ভারত থেকে চাল আমদানি বা যেসব জিনিস আমদানি সেটাকে আমরা রাজনৈতিকভাবে দেখি না।’

খাদ্য উপদেষ্টা বলেন, ‘অন্য যেখান থেকেই আনি, আমরা এটা রাজনৈতিকভাবে দেখি না। আমরা এটাকে দেখি বাজার মেকানিজম হিসেবে। যেখানে আমরা কম পাই সেখান থেকে কিনি।’

তিনি আরও বলেন, গম পুরোটাই কিন্তু ইমপোর্ট। আমাদের দেশে গমের চাহিদা বছরে ৭০ লাখ টন। এর মধ্যে আমাদের দেশে উৎপাদন ১০ লাখ টন। আর চালের সিংহভাগই লোকাল, আর কিছু পরিমাণ ইমপোর্ট করা হয়েছে। আরও কিছু পরিমাণ ইমপোর্ট চ্যানেলের মধ্যে আছে। এবারে ইমপোর্টের পরিমাণটা শেষ হওয়ার পরে বলতে পারব, আরও কয়েক মাস পরে বলতে পারব যে অন্যান্য বছরের তুলনায় ইমপোর্টের পরিমাণটা কী অবস্থায় দাঁড়ায়। তবে এটা কমে যাবে আশা করছি।

পাঁচ বছরে সর্বোচ্চ মজুদ : দেশে বিগত পাঁচ বছরের মধ্যে সরকারের ভা-ারে খাদ্যের মজুদ সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলেও জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। জানা গেছে, বর্তমানে ধান, চাল ও গম মিলিয়ে ২০ লাখ ২৭ হাজার ৪২০ টন মজুদ রয়েছে।

খাদ্য উপদেষ্টা বলেন, দেশে এখন সরকারি খাদ্যশস্যের সর্বোচ্চ মজুদ রয়েছে। আশা করা হচ্ছে, এখন আর চালের দাম বাড়ার সম্ভবনা নেই। গত বছর সরকার গঠন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে চালের দাম বেড়েছিল। এ বছর খাদ্যের মজুদ সবচেয়ে বেশি, আশা করছি চালের দাম বাড়বে না।

তিনি বলেন, বর্তমানে দেশের সরকারি গুদামে ২০ লাখ ২৭ হাজার টন খাদ্যশস্য মজুদ আছে। এ ছাড়া সরকারের ২৪ লাখ টন পর্যন্ত খাদ্যশস্য মজুদ বাড়ানোর সক্ষমতা রয়েছে। আগামী বোরো মৌসুমেও প্রচুর ধান-চাল সংগ্রহ করা হবে। চলতি আমন মৌসুমে সংগ্রহের হারও বেশ ভালো। 

খাদ্য মন্ত্রণালয় জানায়, এর মধ্যে ১৬ লাখ ৯৬ হাজার ৭৮৭ টন চাল, ২ লাখ ৩৩ হাজার ২২৪ টন গমের মজুদ রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত