সংবর্ধনায় প্রধান বিচারপতি

দেশকে বসবাসের উত্তম স্থানে পরিণত করা হবে

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০৭:৪৭ এএম

বিচারক, আইনজীবীসহ সবার উদ্দেশে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বলেছেন, আসুন দেশকে বসবাসের উত্তম স্থানে পরিণত করি। যাতে ভবিষ্যৎ প্রজন্ম শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে আসতে পারে। গতকাল রবিবার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১ নম্বর এজলাসে (প্রধান বিচারপতির এজলাস) প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেওয়া হয়।

গত ২৪ ডিসেম্বর দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এরপর ২৮ ডিসেম্বর তিনি রাষ্ট্রপতির কাছে শপথ নেন। গতকাল ছিল এজলাসে তার প্রথম কর্মদিবস। এদিন প্রথা অনুযায়ী অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় এজলাসে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকরা উপস্থিত ছিলেন। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষে অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ এবং সুপ্রিম কোর্ট বারের পক্ষে সভাপতি এএম মাহবুব উদ্দিন খোকন বক্তব্য দেন। প্রধান বিচারপতি বলেন, আমার পূর্বসূরি ড. সৈয়দ রেফাত আহমেদের প্রণীত রোডম্যাপের ওপর ভিত্তি করে প্রয়োজন অনুসারে কিছু পরিবর্তন ও পরিমার্জনসহ কাজ এগিয়ে নেওয়া হবে। এ সময় তিনি বিচারাঙ্গনে আগত বিচারক, আইনজীবী ও বিপুলসংখ্যক বিচারপ্রার্থীর নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস এবং আইনজীবীদের প্রশিক্ষণের ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্ট বার ও জেলা বারকে পরামর্শ দেন।

অনুষ্ঠানে মোহাম্মদ আরশাদুর রউফ বলেন, বিচার বিভাগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুর্নীতি। জাতি প্রত্যাশা করে বিচার বিভাগ সিন্ডিকেটমুক্ত হোক, দুর্নীতিমুক্ত হোক। প্রধান বিচারপতিকে শুদ্ধি অভিযানের মাধ্যমে বিচার বিভাগের সব স্তর থেকে দুর্নীতি নির্মূল করার আহ্বান জানান তিনি।

মাহবুব উদ্দিন খোকন বলেন, গত ১৫ বছর দেশে একনায়কতন্ত্র কায়েম করে বিচার বিভাগকে জনগণের মুখোমুখি করা হয়েছিল। নানাভাবে দুর্নীতি ও সিন্ডিকেট কয়েম করা হয়েছিল। বিচারাঙ্গনে দুর্নীতি যেই-ই করুক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত