সরকার থাইল্যান্ড থেকে সয়াবিন তেল কিনবে

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ১২:১৬ এএম

আসন্ন পবিত্র রমজান মাসে ভোজ্যতেলের সরবরাহ ঠিক রাখতে থাইল্যান্ড থেকে ১ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) এ তেল কেনা হবে। এ জন্য ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) গুদাম পর্যন্ত পৌঁছাতে সব ধরনের খরচ ধরে প্রতিলিটারে দাম পড়বে ১৬২ টাকা ৬৩ পয়সা। একই সঙ্গে টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে তেল ও ডাল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। এই বৈঠকে তেল ও ডালের পাশাপাশি ৯টি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। যেখানে খরচ পড়বে ২৪ হাজার ৭৮৩ কোটি টাকা।

বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তর্জাতিকভাবে ডিপিএমে পরিশোধিত সয়াবিন তেল কেনার প্রস্তাব উপস্থাপন করা হয়। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দেয়। আসন্ন রমজান মাসে ভোজ্যতেলের কৃত্রিম সংকট নিরসন, সরবরাহ বৃদ্ধি ও মূল্য স্থিতিশীল রাখতে জরুরি বিবেচনায় আন্তর্জাতিকভাবে ডিপিএমে ১ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

থাইল্যান্ডের প্রাইম কর্প ওয়ার্ল্ড কোম্পানি লিমিটেডের কাছ থেকে এই তেল কেনা হবে। এছাড়া বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল (৫০ কেজির বস্তায়) কেনার অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে ৭১ কোটি ৮৭ লাখ টাকা।

জানা গেছে, বৈঠকে চলতি বছরের জন্য ২৪ হাজার ৭৮৩ কোটি টাকার ৯টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটি। জানা গেছে, সরকার কৃষি উৎপাদন বৃদ্ধিতে সৌদি আরব থেকে ৪০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করবে। এ জন্য ব্যয় হবে ১৯১ কোটি ৪১ লাখ ২০ হাজার টাকা। বিশ্বের ৬টি দেশ থেকে আগামী ৬ মাসের জন্য ১০ হাজার ৮২৬ দশমিক ১১ কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল সংগ্রহ করছে সরকার। দেশগুলো হলো চীন, আরব আমিরাত, ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত