চেম্বার আদালত

কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী  ঋণখেলাপি

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০৮:৪৭ এএম

বাংলাদেশ ব্যাংকের ঋণখেলাপির তালিকা (সিআইবি) থেকে কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত। প্রিমিয়ার ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এ আদেশ দেয়। প্রিমিয়ার ব্যাংক থেকে ঋণ নিয়ে খেলাপির তালিকায় নাম ওঠে মঞ্জুরুল আহসান মুন্সীর। চেম্বার আদালতের এ আদেশের ফলে তিনি ঋণখেলাপি হিসেবে পরিগণিত হলেন বলে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা।

আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন আইনজীবী বিভূতি তরফদার। এ আইনজীবী দেশ রূপান্তরকে বলেন, ৮৮ কোটি টাকা ঋণখেলাপির অভিযোগে বাংলাদেশ ব্যাংকের ঋণখেলাপির তালিকায় মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ওঠে। সিআইবিতে তার নাম ওঠার বিষয়টিকে চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে আবেদন করেছিলেন। গত ৮ ডিসেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ সিআইবিতে তার নাম ঋণখেলাপি হওয়ার বিষয়টি স্থগিত করে। পরে এ আদেশের বিরুদ্ধে প্রিমিয়ার ব্যাংক চেম্বার আদালতে আবেদন করে। চেম্বার আদালত হাইকোর্টের আদেশটি ৮ সপ্তাহের জন্য স্থগিত করেছে। ব্যারিস্টার বিভূতি তরফদার বলেন, ‘এ আদেশের ফলে মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপি হিসেবে পরিগণিত হবেন এবং তিনি নির্বাচন করতে পারবেন কি পারবেন না, সে বিষয়ে ইসি সিদ্ধান্ত নেবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত