ছোট-বড় সব দলের জন্য সমান সুযোগ রয়েছে

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০৭:২৯ এএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, ‘দৃশ্যমান এমন কিছু ঘটেনি, যার ভিত্তিতে বলা যাবে যে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। এখন পর্যন্ত খুবই ভালো নির্বাচনী পরিবেশ বিরাজ করছে।’

গতকাল শুক্রবার দুপুর ১২টায় ময়মনসিংহ নগরীর শিববাড়ি মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, দু-একজন লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কথা বললেও বাস্তবে ছোট-বড় সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ রয়েছে। এখন পর্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বৈষম্যের অভিযোগ প্রমাণিত হয়নি।

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। এ দেশ সব ধর্ম ও বর্ণের মানুষের। সবাই যেন শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাস করতে পারে এটাই সরকারের প্রত্যাশা।

সম্প্রীতির প্রসঙ্গ টেনে শফিকুল আলম বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন অজুহাতে কেউ কেউ মাজারে হামলা চালাচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়। বাংলাদেশ পীর-আউলিয়ার দেশ। পীর-আউলিয়াদের হাত ধরেই এ দেশে ইসলামের বিস্তার ঘটেছে। এ ধরনের হামলা মোটেও কাম্য নয়।

এর আগে সকালে তিনি নগরীর জুবলী রোডে অবস্থিত বুড়া পীরের মাজার এবং থানার ঘাট এলাকায় গত বছর ভাঙচুরের শিকার হওয়া হযরত শাহ সুফী সৈয়দ কালু শাহের (রহ.) মাজার পরিদর্শন করেন।

মাজারের নিরাপত্তা প্রসঙ্গে প্রেস সচিব বলেন, আগের তুলনায় আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল বেড়েছে। মাজারগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা বৃদ্ধি পাচ্ছে।

গণভোট প্রসঙ্গে শফিকুল আলম বলেন, সবাই দলবলে গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’ ভোট দেবে এটাই সরকারের প্রত্যাশা। যাতে বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদের সৃষ্টি না হয় এবং সব মানুষের অধিকার অক্ষুন্ন থাকে। অতীতের অপশাসনের পুনরাবৃত্তি যেন আর না ঘটে।

নির্বাচনের পরিবেশ নিয়ে তিনি আরও বলেন, এখন পর্যন্ত এমন কোনো দৃশ্যমান ঘটনা ঘটেনি, যার কারণে বলা যাবে যে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। নির্বাচন সামনে রেখে পরিবেশ এখনো অনুকূল রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত