তামিমকে ভারতীয় দালাল বললেন বিসিবি পরিচালক

ক্রিকেটারদের নিন্দা

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০৭:৫৬ এএম

তামিম ইকবালকে উদ্দেশ্য করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এম নাজমুল ইসলামের একটি মন্তব্যের জের ধরে ফুঁসে উঠেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। গত বৃহস্পতিবার জিয়া স্মৃতি আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতার জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এসে তামিম বলেছেন, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান ও ক্রিকেটের ভবিষ্যতের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়ার কথা, যা মূলত মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়াকে কেন্দ্র নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ দলের বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার যে অবস্থান, তার বিপরীত ভাবনা। তামিমের এ মন্তব্যের পর বিসিবি পরিচালক নাজমুল তার ফেসবুক স্ট্যাটাসে তামিমকে ‘ভারতীয় এজেন্ট’ হিসেবে আখ্যায়িত করেন।

এরই সূত্র ধরে তামিমকে করা কটূক্তির প্রতিবাদে ফুঁসে উঠেছেন ক্রিকেটাররা, চলমান বিপিএলের মধ্যেই তারা সংবাদ সম্মেলন করে জানিয়েছেন প্রতিবাদ।

নাজমুল তার ফেসবুক প্রোফাইলে জিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে করা তামিমের মন্তব্যের একটি ফটোকার্ড পোস্ট করে লিখেছেন, ‘এবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখল।’ বিসিবির ফিন্যান্স কমিটির চেয়ারম্যান নাজমুলের এমন মন্তব্যের পর একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে পেশাদার ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের একটি মন্তব্য ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নজরে এসেছে। আমরা এতে স্তব্ধ, বিস্মিত ও ক্ষুব্ধ। বাংলাদেশের ইতিহাসের সফলতম ওপেনার, দেশের হয়ে ১৬ বছর খেলা ক্রিকেটারকে নিয়ে একজন বোর্ড কর্মকর্তার এমন মন্তব্য চরম নিন্দনীয়। শুধু তামিমের মতো একজন বলেই নয়, দেশের যেকোনো ক্রিকেটারকে নিয়ে এমন মন্তব্য অগ্রহণযোগ্য ও পুরো ক্রিকেট সমাজের জন্য অপমানজনক। আমরা এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাই। একজন দায়িত্বশীল বোর্ড পরিচালক যখন পাবলিক প্ল্যাটফর্মে এমন মন্তব্য করেন, তখন বোর্ড কর্মকর্তাদের আচরণবিধি নিয়েও আমাদের প্রশ্ন জাগে। বিসিবি সভাপতির কাছে এর মধ্যেই আমরা প্রতিবাদলিপি পাঠিয়েছি এবং সংশ্লিষ্ট বোর্ড পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়াসহ তাকে জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছি। আশা করি, যত দ্রুত সম্ভব উপযুক্ত ব্যবস্থা নেবেন বিসিবি সভাপতি।’

সিলেটে একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই লিখিত বক্তব্য পাঠের পর কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন এক প্রশ্নের উত্তরে বলেন, ‘বিসিবির সভাপতি এবং সহসভাপতি পদে দুজন সাবেক অধিনায়ক আছেন, তারপরও সেই ক্রিকেট বোর্ড থেকে যখন এ ধরনের কথা বলে, এখন আমি জানি না ওনারা কোনো ধরনের পদক্ষেপ নিয়েছেন কি না, ওনারা এটা নিয়ে কী করবেন, তবে এটা সত্যিই গ্রহণযোগ্য নয় এবং এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।’ সংবাদ সম্মেলনে মিঠুনের পাশাপাশি তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, সাইফ হাসান, মুমিনুল হক উপস্থিত ছিলেন।

পেসার তাসকিন আহমেদ এ প্রসঙ্গে নিজের ফেসবুক প্রোফাইলে লিখেছেন, ‘ক্রিকেট বাংলাদেশের প্রাণ। সেই ক্রিকেটে বড় অবদান রাখা সাবেক জাতীয় অধিনায়ককে ঘিরে সাম্প্রতিক এক মন্তব্য অনেককেই ভাবিয়েছে। দেশের একজন সাবেক ক্রিকেটারকে উদ্দেশ্য করে এ ধরনের বক্তব্য দেশের ক্রিকেটের স্বার্থে সহায়ক নয় বলেই মনে করি। আশা করি, সংশ্লিষ্ট মহল বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং ভবিষ্যতে আরও দায়িত্বশীল অবস্থান নেবে।’

তৃতীয় বিভাগের দল ট্যালেন্ট হান্ট একাডেমির কাউন্সিলর নাজমুল ৩৭ ভোট পেয়ে ২০২৫ সালের বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনে পরিচালক হয়েছেন। একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে ক্ষমা চাইবেন না বলে জানিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল, ‘এখন শব্দটা যদি আমি ইংরেজিতে বলতাম, মনে হয় এভাবে হতো না। এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলব আমি নিজেও তো একজন দালাল। আমি বাংলাদেশের দালালি করি, এটাই হচ্ছে পার্থক্য। এখানে কোনো প্রশ্নই আসে না ক্ষমা চাওয়ার, এখান এত ক্ষমা-না ক্ষমার কোনো বিষয়ই আসে না। কারণ আমি দেশের প্রতিফলন, গণমানুষের যা প্রতিফলন, আমি মনে করছি, এটাই দেশের গণমানুষের প্রতিফলন। এখানে এটা নিয়ে তো অন্য কোনো চিন্তা করার প্রশ্নই আসে না।’

তামিম নিজেও বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েও পরে প্রত্যাহার করে নেন। ২০২৩ সালে আচমকা অবসরের ঘোষণা দিলে তামিমকে নিজস্ব বাসভবনে ডেকে অবসর ভাঙিয়ে মাঠে ফিরিয়ে ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার দুই দিন আগে, ৩ আগস্ট ২০২৪ সালে তামিম গণভবনে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যান, যার প্রমাণ আছে অতিথি তালিকার নিবন্ধন খাতায়। তামিমকে রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন কর্মসূচিতেও দেখা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত