বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি সিলেট সফরে যাচ্ছেন। সিলেটে তিনি হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারতের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন। গতকাল শনিবার দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য।
গত শুক্রবার রাতে দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক শেষে তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিতের কথা জানানো হয়। সেই সঙ্গে এ দিন দলের চেয়ারম্যানের দায়িত্বভার নেন তারেক রহমান। পাশাপাশি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করার বিষয়ে সিদ্ধান্ত হয় বলে জানান স্থায়ী কমিটির ওই সদস্য।
তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ : বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। গতকাল শনিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ভারতের হাইকমিশনার।
জানা গেছে, বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। তবে বৈঠকে কী আলোচনা হয়েছে তা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি বিএনপি।
ভারতীয় হাইকমিশনারের পর তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সংক্ষিপ্ত বৈঠক করেন তিনি। এরপর বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ড. ইভারস আইজাবস।
কল সেন্টার উদ্বোধন : বিএনপির ইলেকশন স্টিয়ারিং অফিস ও কল সেন্টার উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে রাজধানীর গুলশানের ৯০ নম্বর রোডে বিএনপির এই নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানসহ কেন্দ্রীয় নেতারা।
নির্বাচনী কার্যক্রমকে আরও সহজ ও কার্যকর করার লক্ষ্যে এই কল সেন্টার চালু করা হয়েছে। কল সেন্টারের নির্ধারিত নম্বর ‘১৬৫৪৩’। দেশের যেকোনো প্রান্ত থেকে এই নম্বরে কল করা যাবে। অপারেটররা কল গ্রহণ করে অভিযোগ ও তথ্য লিপিবদ্ধ করবেন এবং তা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের কাছে পাঠাবেন। এই কল সেন্টারের মাধ্যমে স্থানীয় পর্যায়ের যেকোনো নির্বাচনী সমস্যা, অভিযোগ কিংবা প্রশ্ন দ্রুত কেন্দ্রীয় দপ্তরে জানানো সম্ভব হবে, যা নির্বাচন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নির্বাচনে বিএনপির আইন সহায়তা উপকমিটি গঠন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গঠিত নির্বাচন পরিচালনা কমিটির অধীনে আইন সহায়তা উপকমিটি গঠন করেছে বিএনপি। এর প্রধান করা হয়েছে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে। গতকাল বিএনপি সহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়েছে, বিএনপির পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ পরিচালনার লক্ষ্যে গঠিত নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে টিম লিডার করে আইনি সহায়তা উপকমিটি গঠন করা হয়েছে। আইনি সহায়তা উপকমিটির ওপর সদস্যদের নাম শিগগিরই প্রকাশ করা হবে।
