বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের পদত্যাগ চেয়ে সময়সীমা বেঁধে দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। গতকাল বুধবার রাতে একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন সাংবাদিকদের জানান, আজ বৃহস্পতিবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচের আগে নাজমুল পদত্যাগ না করলে ক্রিকেটাররা খেলতে অস্বীকৃতি জানাবেন।
গতকাল বিসিবি আয়োজিত প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে আয়োজিত দোয়া মাহফিল শেষে নাজমুল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, ‘ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পেছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি!’ মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ না করলে আইসিসি থেকে প্রাপ্য রাজস্ব কমে যাবে কি না, এমন প্রশ্নের জবাবে নাজমুল জানান, ২০২৪-২৭ চক্রের জন্য আইসিসি যে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার সম্ভাব্য রাজস্ব আয় দেখছে, তার হিস্যা বণ্টন চুক্তি সাক্ষরিত হয়ে আছে, ফলে বাংলাদেশের আইসিসি থেকে আয় কমার সুযোগ বিশ্বকাপে না খেলার কারণে নেই। তবে খেলোয়াড়রা ম্যাচ জয়ের জন্য প্রাইজমানি, ব্যক্তিগত নৈপুণ্যের জন্য ম্যাচসেরার পুরস্কার এসব ব্যক্তিগত আয় থেকে বঞ্চিত হবেন। বিশ্বকাপ না খেললে ক্রিকেটাররা যে সুযোগ বঞ্চিত হবেন, সে ক্ষেত্রে বিসিবি থেকে তাদের কোনোভাবে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে কি না, এমন প্রশ্নে নাজমুল বলেন, ‘ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পেছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি!’ তিনি আরও বলেন, ‘আমরা যে ওদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না। আজ পর্যন্ত আমরা একটাও বৈশ্বিক অ্যাওয়ার্ড পেয়েছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কী করতে পারছি? আমরা তাহলে তো প্রত্যেকবারই বলতে পারি, তোমরা খেলতে পারনি, তোমাদের পেছনে যা খরচ করেছি, এটা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি, ফেরত দাও।’
এমন মন্তব্যের পর বিসিবি নিজস্ব প্রতিক্রিয়া জানিয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। বিসিবি জানিয়েছে, এই বক্তব্য বিসিবির নয় বরং নাজমুলের একান্ত নিজস্ব। তবে এত সহজে তাকে ছেড়ে দিচ্ছে না কোয়াব। কিছুদিন আগে তামিম ইকবালকে ভারতীয় দালাল বলা, খেলোয়াড়দের অনুশীলনে ডাব, আইসবাথের বরফ ব্যবহার নিয়ে প্রশ্ন তোলাসহ নানান সময়ে বিতর্কের অবতারণা করেছেন তৃতীয় বিভাগের দল ট্যালেন্ট হান্ট একাডেমির কাউন্সিলর নাজমুল। তার খেলোয়াড়দের অপমানসূচক একের পর এক মন্তব্যের পরই কঠোর অবস্থানে কোয়াব। মিঠুন জুম কলে আয়োজিত সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ‘আপনারা সবাই জানেন শেষ কিছুদিন ধরে যা হচ্ছে। প্রথমে একজনের ওপর, এরপর এখন সব ক্রিকেটারকে নিয়ে যেভাবে কথা বলা হচ্ছে, যেসব শব্দ ব্যবহার করা হচ্ছে, এসব কখনোই গ্রহণযোগ্য নয়। এটা আমরা আশা করি না। ভাষাগতভাবে একজন পরিচালকের আরও সাবধান হওয়া উচিত। বিশেষ করে উনি যা বলেছেন, এটা পুরো ক্রিকেটাঙ্গনকে হার্ট করেছে।’ উনি যেভাবে আমাদের সব ক্রিকেটারকে নিয়ে মন্তব্য করেছেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তো উনি যদি আগামীকাল ম্যাচের আগে পদত্যাগ না করেন, তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বয়কট করব।’
আজ দুপুর ১টায় মুখোমুখি হওয়ার কথা নোয়াখালী এক্সপ্রেস ও রাজশাহী রয়্যালসের। সন্ধ্যার ম্যাচের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানস।
