তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ সারাহ কুকের

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০৭:৫০ এএম

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক। গতকাল শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ব্রিটিশ হাইকমিশনার আসেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমীন ও বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রাশেদুল হক উপস্থিত ছিলেন। প্রায় দেড় দশক লন্ডনে ছিলেন তারেক রহমান। দেশে ফেরার পর এটি ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে প্রথম সাক্ষাৎ।

বৈঠকের পর হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, ‘আজকে যুক্তরাজ্যের হাইকমিশনার, নেপাল ও ভুটানের রাষ্ট্রদূত আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানে সঙ্গে দেখা করেছেন। সৌহার্দ্যমূলক পরিবেশে এ সাক্ষাৎ হয়েছে।’

‘তিন দেশের রাষ্ট্রদূতরা তাদের সরকারের পক্ষে তাদের মত এক্সচেঞ্জ করেছেন। তারেক রহমানের দেশে আসা এবং আগামীতে বিএনপি সরকার গঠন করলে ওনার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে রাষ্ট্রদূতদের সঙ্গে মতবিনিময় হয়েছে।

কীভাবে সম্পর্ক উন্নয়ন করা যায়, কীভাবে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা তারা করতে পারে সে বিষয়গুলো নিয়ে আলাপ হয়েছে।’

তিনি বলেন, ‘২৫ ডিসেম্বর ঐতিহাসিক প্রত্যাবর্তনের পরে উনাকে (তারেক রহমান) ঘিরে আমরা যেটা বলছি যে, আন্তর্জাতিক মহলে আগ্রহ আছে। সেই পরিপ্রেক্ষিতে উনি বিভিন্ন দেশের রাষ্ট্রদূত-হাই কমিশনারদের সাক্ষাৎ দিচ্ছেন। বিএনপি চেয়ারম্যান বলেছেন, দেশের স্বার্থ বিবেচনায় রেখেই আমরা বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক করব যেটা আমাদের মিউচুয়াল রেসপেক্ট ও মিচুয়াল ইন্টারেস্টকে বজায় রাখবে। দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে বিভিন্ন দেশের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে। কারণ বিদেশীরা দেখছেন, তারেক রহমান বাংলাদেশের মানুষের কাছে কত জনপ্রিয়, বাংলাদেশের মানুষ তাকে কোন জায়গায় দেখে বা দেখতে চায়। এটা উপলব্ধি করেই এসব রাষ্ট্রদূত তার সঙ্গে সাক্ষাতে আগ্রহ দেখাচ্ছেন।’

এর আগে বিকেলে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভা-ারী ও ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দর্জি আলাদা আলাদাভাবে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রধান উপদেষ্টাকে বিএনপি চেয়ারম্যান ও তার পরিবারের ফুলেল শুভেচ্ছা : এদিকে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও তার পরিবার।

গতকাল সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডস্থ প্রধান উপদেষ্টার বাসভবনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের পক্ষে প্রধান উপদেষ্টার হাতে ফুলেল শুভেচ্ছাটি তুলে দেন বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। এ সময় প্রধান উপদেষ্টার মেয়ে লামিয়া ইউনূস উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত