রাজধানীর সাত সরকারি কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত করা হয়েছে। সেটি অনুমোদনের জন্য গতকাল রবিবার মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। দ্রুততম সময়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পাবে জানিয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মকা- থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
গতকাল শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাদেশটি যেহেতু এখন সরকারের সর্বোচ্চ পর্যায়ে অনুমোদনের অপেক্ষায় আছে, সেহেতু জনদুর্ভোগ সৃষ্টি হয় বা স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়, এমন কোনো কর্মসূচি বা কর্মকা- থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান করা যাচ্ছে। যেকোনো আবেগপ্রসূত বা অস্থিতিশীল পরিস্থিতি দীর্ঘদিনের এই অর্জন ও শ্রমকে নস্যাৎ করে দিতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘টেকসই ও বিশ্বমানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে মৌলিক ও উপরিকাঠামোগত সংস্কারের কাজগুলো সুশৃঙ্খলভাবে ধাপে ধাপে এবং যথাযথভাবে সম্পন্ন করতে হয়। যেকোনো পর্যায়ে যেকোনো ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতি বা বিশৃঙ্খলা পুরো উদ্যোগকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আরও বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় বিশ্বাস করে, দীর্ঘদিনের ধৈর্য ও পারস্পরিক সহযোগিতার এই ধারা অব্যাহত রেখে অতি দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আনুষ্ঠানিক যাত্রা নিশ্চিত করতে পারব, যা বাংলাদেশের উচ্চশিক্ষার প্রসারে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।’
কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন সাত কলেজের শিক্ষার্থীরা। তাদের বিভিন্ন কর্মসূচির কারণে বিভিন্ন সময় জনদুর্ভোগ সৃষ্টি হয়। আজ সোমবারও আন্দোলনের অংশ হিসেবে অধ্যাদেশ জারির এক দফা দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে বড় গণজমায়েতের কথা রয়েছে।
