যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড কার্যকর কাল থেকে

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০৮:০৭ এএম

বাংলাদেশের নাগরিকদের মধ্যে যারা ব্যবসা ও পর্যটনের উদ্দেশ্যে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের (বি-ওয়ান ও বি-টু) ভিসা পাবেন, তাদের জন্য দেশটির আরোপ করা ভিসা বন্ড আগামীকাল বুধবার থেকে কার্যকর হচ্ছে।

ঢাকায় দেশটির দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, যারা ভিসা পাবেন তাদের সর্বোচ্চ ১৫ হাজার আমেরিকান ডলার পর্যন্ত একটি ভিসা বন্ড জমা দিতে হবে।

আগামীকাল ২১ জানুয়ারির আগে ইস্যু করা বৈধ বি-ওয়ান ও বি-টু ভিসা পেয়েছেন, এমন ব্যক্তিদের ক্ষেত্রে বন্ড দেওয়ার এ শর্ত প্রযোজ্য নয়।

ভিসার জন্য সাক্ষাৎকারের আগে বন্ড পরিশোধ না করার পরামর্শ দিয়ে দূতাবাস বলেছে, আগাম বন্ড পরিশোধ করলে তা ভিসার নিশ্চয়তা দেয় না।

দূতাবাস জানায়, ভিসার শর্তগুলো যথাযথভাবে অনুসরণ করলে বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে।

ভিসা বন্ডের বিষয়ে তৃতীয়পক্ষের ওয়েবসাইট প্রতারণামূলক হতে পারে, এ বিষয়ে সতর্ক করে দিয়ে দূতাবাস বলছে, সাক্ষাৎকারের আগে পরিশোধ করা কোনো অর্থই ফেরতযোগ্য নয়।

বাংলাদেশসহ ৩৭টি দেশ থেকে ব্যবসা ও পর্যটনের উদ্দেশ্যে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের (বি-ওয়ান ও বি-টু) ভিসা পাবেন, এমন ব্যক্তিদের জন্য দেশটি এই ভিসা বন্ড দেওয়ার শর্ত আরোপ করেছে। দূতাবাস-সংশ্লিষ্ট ব্যক্তিকে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিলে ভ্রমণের আগেই সর্বনিম্ন ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত মার্কিন সরকারের অনুকূলে জমা দেওয়ার নির্দেশনা দিতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত