নরসিংদীর রায়পুরায় অপু আহমেদ নামে জেল পলাতক আসামির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার মরজাল ইউনিয়নের একটি স-মিলের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত অপু আহমেদ (৩২) ওই ইউনিয়নের পাহাড় মরজাল গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ ৮ থেকে ৯টি মামলা রয়েছে।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, সোমবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা অপু আহমেদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। মঙ্গলবার সকালে স্থানীয়রা স-মিলের ভেতরে রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে মুখমণ্ডল দেখে মরদেহটি অপু আহমেদের বলে নিশ্চিত করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠায়।
হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানান তিনি।
২০২৪ এর জুলাই আন্দোলনের সময় নরসিংদী জেলা কারাগারে হামলার ঘটনায় বন্দি অবস্থায় পালিয়ে যান অপু আহমেদ। পলাতক থাকলেও তিনি নিয়মিত এলাকায় যাতায়াত করতেন বলে জানায় স্থানীয়রা।
