যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে ‘বোর্ড অব পিস’-এ যোগ দেবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। বুধবার (২১ জানুয়ারি) নেতানিয়াহুর দপ্তর সামাজিক মাধ্যমে এই তথ্য জানায়।
হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে ট্রাম্প এই বোর্ড গঠনের সিদ্ধান্ত নেন ।গাজায় ইসরায়েলের যুদ্ধবিধ্বংসী আক্রমণ বন্ধ করার উদ্দেশ্য নিয়ে করা এই বোর্ডের লক্ষ্য হলো গাজার প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি, আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন, পুনর্গঠন, বিনিয়োগ আকর্ষণ, বড় পরিসরের অর্থায়ন এবং মূলধন সংগ্রহ।
বিশ্বের বিভিন্ন নেতাকে এই সংস্থায় অন্তর্ভুক্ত করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তবে নেতানিয়াহুর অংশগ্রহণ বোর্ডের নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে, কারণ এটি ট্রাম্পের নেতৃত্বে এবং তাঁর নিয়ন্ত্রণে পরিচালিত হবে। ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে দীর্ঘকালীন বন্ধুত্বের সম্পর্ক বোর্ডের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েও সংশয় সৃষ্টি করছে।
মূলত বোর্ডটি গাজা পুনর্গঠনের তত্ত্বাবধানের জন্য পরিকল্পিত হলেও, তার চার্টারে পরিষ্কারভাবে বলা নেই যে এর কার্যক্রম কেবল দখল করা ফিলিস্তিনি ভূখণ্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। হোয়াইট হাউস জানিয়েছে, বোর্ডে একটি মূল বোর্ড থাকবে, একটি ফিলিস্তিনি প্রযুক্তিবিদ কমিটি থাকবে যা ধ্বংসপ্রাপ্ত গাজার প্রশাসন পরিচালনা করবে, এবং দ্বিতীয় একটি 'নির্বাহী বোর্ড' থাকবে যা মূলত পরামর্শমূলক ভূমিকা পালন করবে।
চার্টারে বলা হয়েছে, 'শান্তি বোর্ড একটি আন্তর্জাতিক সংস্থা যা স্থিতিশীলতা বৃদ্ধি, নির্ভরযোগ্য ও আইনি প্রশাসন পুনঃস্থাপন এবং সংঘাত বা হুমকিপূর্ণ এলাকার স্থায়ী শান্তি নিশ্চিত করতে কাজ করে।'
