পররাষ্ট্র উপদেষ্টা বললেন

বাংলাদেশ-ভারত সম্পর্ক কাক্সিক্ষত পর্যায়ে নেই

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ০৩:১১ এএম

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ। সম্পর্ককে দৃঢ় করতে দুই দেশকেই ইতিবাচক পদক্ষেপ নিতে হবে, কারণ বর্তমানে এ সম্পর্ক কাক্সিক্ষত পর্যায়ে নেই।’ গত বুধবার বিবিসিতে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

দ্বিপক্ষীয় সম্পর্ক প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভালো দ্বিপক্ষীয় সম্পর্ক চাইলে দুপক্ষকেই আগে সেটি চাওয়ার সিদ্ধান্ত নিতে হবে। একের পর এক পদক্ষেপে  সম্পর্ক যদি নিচের দিকে নামানো হয়, তাহলে সেটাই হবে।’

এক প্রশ্নে জবাবে তৌহিদ হোসেন বলেন, ‘ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা ব্যর্থ এর কোনো প্রমাণ নেই। তবে আমরা কিছুই বদলাতে পারব না। তারা যদি মনে করে এখানে নিরাপদ নয়, তাহলে সে সিদ্ধান্ত তারা নিতে পারে। এটি দুঃখজনক হলেও আমরা তাদের সিদ্ধান্ত বদলাতে পারি না।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ। সম্পর্ককে দৃঢ় করতে দুই দেশকেই ইতিবাচক পদক্ষেপ নিতে হবে। কারণ, বর্তমানে এ সম্পর্ক কাক্সিক্ষত পর্যায়ে নেই। আমাদের আরও বেশি পারস্পরিক যোগাযোগ ও বোঝাপড়া থাকা উচিত ছিল এবং আমি সেটাই দেখতে চাই।

শেখ হাসিনা প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, তিনি ভারতে পালিয়ে গেছেন এবং সেখানে আশ্রয় পেয়েছেন। বাংলাদেশের প্রত্যাশা ছিল, তিনি সেখানে অবস্থানকালে এমন কোনো বক্তব্য দেবেন না, যা বাংলাদেশের পরিস্থিতি আরও জটিল করে তোলে বা দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর হয়।

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করার উদ্দেশ্যে বাংলাদেশ কোনো পদক্ষেপ নেয়নি। পাকিস্তানের ক্ষেত্রে আগের সরকারের পুরো মেয়াদ জুড়ে সম্পর্ক ইচ্ছাকৃতভাবে খারাপ করা হয়েছিল। তিনি আরও বলেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কিছু অমীমাংসিত ইস্যু থাকলেও দেশটি স্বাভাবিক সম্পর্কই চেয়েছে এবং পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করেছে। এতে অস্বাভাবিক কিছু নেই, কারণ পাকিস্তান বাংলাদেশের আরেকটি প্রতিবেশী দেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত